Loksabha Vote 2024: ১০০ দিনের কাজের মজুরি বাড়াল কেন্দ্র, তালিকায় নাম বাংলারও, নির্বাচনীবিধি ভঙ্গের অভিযোগ
নির্বাচনী বিধির মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বড় ঘোষণা। বাংলা সহ একাধিক রাজ্যের ১০০ দিনের কাজের টাকা বাড়াল কেন্দ্র। কিন্তু তাতেও বঞ্চনার শিকার বাংলা। কারণ যে রাজ্যগুলিতে টাকা বাড়ানো হয়েছে তাতে বাংলার পরিমান সবচেয়ে কম।
এদিকে নির্বাচন ঘোষণার পরে কেন্দ্রের এই ঘোষণাকে বিধিভঙ্গ হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে বাংলার সঙ্গে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তাঁরা। ১ এপ্রিল থেকে রাজ্য জুড়ে কর্মশ্রী প্রকল্পও চালু হচ্ছে। যাতে ৫০ দিনের কাজের হিসেবে টাকা দেবে রাজ্য সরকার।

একের পর এক নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে। গতকাল ইডির উদ্ধার হওয়া ৩০০০ কোটি টাকা বাংলার মানুষদে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে ফোনে বার্তায় তিনি বলেছিলেন যেন বাংলার মানুষ নিশ্চিন্তে থাকেন ইডি সিবিআই বাংলায় তল্লাশি চালিয়ে দুর্নীতি গ্রস্তদের কাছ থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার করছে সেগুলি তাঁদেরই টাকা এবং ভোটের পরে বাংলার উন্নয়নে সেই টাকা ব্যবহার করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তার পরেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের আগে ভোটারদের অর্থের প্রলোভন দিচ্ছেন বলে অভিযোগ করেছে শাসকদল। তারপরেই আবার ১০০ দিনের কাজের মজুরি বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে এই বর্ধিত মজুরি। যে রাজ্যগুলির ১০০ দিনের কাজের টাকা বাড়ানো হয়েছে তা বাংলাও রয়েছে। এছাড়া গুজরাত, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ও রয়েছে।
বাংলায় ৫ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে। অন্যদিকে তেলেঙ্গানায় ১০.৯ শতাংশ এবং গুজরাত, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের ১০০ দিনের কাজের মজুরি বাড়ানো হয়েছে ৯ শতাংশ। এক্ষেত্রেও বাংলার সঙ্গে বঞ্চনা করা হয়েছে। অন্যান্য রাজ্যের ১০০ দিনের কাজের মজুরি ১০ শতাংশ বা তার কাছাকাছি বাড়ানো হয়েছে। সেজায়গায় বাংলাকে মাত্র ৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
মোদী সরকারের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানানোর পাশাপাশি লোকসভাতেও এই নিয়ে সরব হবে বলে জানিয়েছেন তাঁরা। যদিও মোদী সরকার ১০০ দিনের কাজের টাকা রাজ্যকে দিচ্ছে না বলেই অভিযোগ করেছে রাজ্য সরকার। ১০০ দিনের কাজের টাকার দাবিতে একাধিক জায়গায় ধর্না দিয়েছেন তাঁরা। তারপরে ভোটের আগে বিধানসভা বাজেটে ১০০ দিনের কাজের পরিবর্তে ৫০ দিনের কাজের প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেটিও এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে।












Click it and Unblock the Notifications