নারায়ণ ভাণ্ডার পেয়েও বিশ্বাসঘাতকতায় 'দুয়ারে প্রহার' চালুর হুঁশিয়ারি, বিতর্কে উদয়ন
নারায়ণ ভাণ্ডার পেয়েও বিশ্বাসঘাতকতায় দুয়ারে প্রহার চালুর হুঁশিয়ারি, বিতর্কে উদয়ন
ফের বিতর্কিত মন্তব্যে জল্পনা বাড়ালেন বিধায়ক উদয়ন গুহ। একুশের বিধানসভা নির্বাচনের হারলেও উপনির্বাচনে জিতে তিনি ফের বিধানসভায় গিয়েছেন। কিন্তু তারপর থেকে একের পর এক বিতর্ক বাধিয়েই চলেছেন দিনহাটার বিধায়ক। এবার রাজ্যে নারায়ণ ভাণ্ডারের কথা তুলে দুয়ারে প্রহারের দাওয়াই দিয়েছেন উদয়ন গুহ।

রাজ্যে তৃতীয়বার সরকার গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। কিন্তু নারায়ণ ভাণ্ডার নামে কোনও প্রকল্প তিনি ঘোষণাও করেননি, চালুও হয়নি। তৃণমূল বিধায়ক সম্প্রতি দাবি করেছেন, রাজ্যে যাঁরা নারায়ণ ভাণ্ডার পেয়েছেন বেসরকারিভাবে, তারা যদি বিশ্বাসঘাতকতা করেন, তবে তাদের জন্য দুয়ারে প্রহার প্রকল্প চালু হবে।
দিনহাটা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে হেরেছিলেন উদয়ন গুহ। সামান্য ভোটের ব্যবধানে হারার পরও তাঁর সামনে সুযোগ চলে এসেছিল বিধায়নসভায় যাওয়ার। নিশীথ প্রামাণিক বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদে রয়ে যাওয়ায় ওই কেন্দ্রে ফের ভোট হয়েছিল। সেই উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন উদয়ন। তারপর থেকেই তিনি বিতর্কিত মন্তব্য করে চলেছেন।
বিধানসভায় বিজেপির বিধায়ক মিহির গোস্বামীর উদ্দেশে মেরে হাত-পা ভেঙে দেওয়ার দাওয়াই দিয়েছিলেন। তা নিয়ে কম বিতর্ক হয়নি। তিনি এরপর সাফাইও গেয়েছিলেন। তিনি যে হাত-পা ভেঙে দেওয়ার কথা বলেননি, তার ব্যাখ্যাও দিয়েছিলেন। এবার তিনি নারায়ণ ভাণ্ডার নিয়ে বিশ্বাসঘাতকতা করলে দুয়ারে প্রহার প্রকল্প চালু করার বার্তাও দেন।
উদয়ন গুহকে এক কর্মিসভায় বলতে শোনা যায়, সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে নারায়ণ ভাণ্ডার দেওয়া হয়েছে। যারা নারায়ণ ভাণ্ডার পেয়েও বিশ্বাসঘাতকতা করবেন, তাদের জন্য দুয়ারে প্রহার প্রকল্প চালু করা হবে। তবে নারায়ণ ভাণ্ডার বা দুয়ারে প্রহার নিয়ে এর বেশি কিছু বলেননি উদয়ন গুহ।
রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, উদয়ন যা বলছেন তা দলের কথা নয়, ওটা ওর ব্যক্তিগত মতামত। দুয়ারে প্রহার বলে তিনি বাংলার মা-মাটি-মানুষের সরকারের দুয়ারে সরকার প্রকল্পকেই খাটো করা হয়েছে। একজন বিধায়ক হিসেবে এভাবে রাজ্য সরকারের প্রকল্পকে হেয় করা সমীচিন নয়।
এরপর উদয়ন গুহ সাফাই দিয়েছেন, তিনি যা বলেছেন তা কর্মীদের উদ্দেশে বলেছেন। কিন্তু তাতেও বিতর্ক থামছে না। এভাবে তিনি দলীয় কর্মীদের হুমকি দিতে পারেন কি, সেই প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরাই। উদয়ন গুহের এই কথাকে নিয়ে কোচবিহারে ফরে গোষ্ঠীকোন্দল মাথাচাড়া দিতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল। রবীন্দ্রনাথ ঘোষ তার গৌরচন্দ্রিকা করেই রেখেছেন।












Click it and Unblock the Notifications