MLA Challenges Abhishek: বাড়ি ঘেরার আগে তৃণমূলীরা শরীরের বিমা করাক! বিছুটি রাখার নিদান দিয়ে মন্তব্য অমরনাথের
BJP MLA Challenges Abhishek: অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথস্তরে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধন করে বলেছিলেন, বুথ নয়, ব্লকস্তরে হোক শান্তিপূর্ণ প্রতীকী বিক্ষোভ।
এই মন্তব্যের জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হেয়ার স্ট্রিট থানায় মমতা ও অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিষেকের কর্মসূচি নিয়ে পাল্টা হুঙ্কার দিলেন বাঁকুড়ার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা।

আজ ওন্দার রামসাগরে দলের বিজয় মিছিলে অংশ নিয়ে এক পথসভায় বক্তব্য রাখেন অমরনাথ। সেখানে তিনি তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আমাদের ঘর ঘিরতে আসার আগে শরীরের বিমা করিয়ে আসবেন। কার্যকর্তাদের বলব বিছাতি (বিছুটি পাতা) নিয়ে তৈরি থাকবেন। ভ্যানও রেডি রাখবেন।
এখানেই না থেমে উত্তমমধ্যম প্রহারের নিদান দিয়ে হাসপাতালে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন অমরনাথ। তিনি বলেন, ওরা বেশি বাড়াবাড়ি করলে এমন ব্যবস্থা করতে হবে যাতে দুই পায়ে এলে চার পায়ে কাঁধে চেপে বাড়ি ফিরতে হয়। স্বাভবিকভাবেই বিজেপি বিধায়কের এই হুঙ্কার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমি জেড প্লাস নিরাপত্তা পাওয়া সত্ত্বেও পুলিশের সঙ্গে পরামর্শ করে ওরা ১০-১২ বার আমার বাড়ির সামনে অসভ্যতামি করেছে। আমাদের দলের নেতা-কর্মীদের সুরক্ষিত রাখার দায়িত্ব বিজেপির। তাঁরা কেউ নিরাপত্তা পান না। সেই দরিদ্র মানুষজন বিজেপি করেন। তাঁদের কোনও ক্ষতি যাতে না হয় তার জন্য সব ব্যবস্থা করব।
শুভেন্দু এফআইআর দায়ের করলেও তাকে তৃণমূল পাত্তা দিচ্ছে না। সূত্রের খবর, ব্লকে ব্লকে কোন নেতাদের বাড়ি ঘেরাও হবে সেই তালিকা তৈরি করা হচ্ছে। আগামী সপ্তাহেই তা জানিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। যদিও শুভেন্দু জানিয়েছেন, তিনি আদালতেও মমতা-অভিষেকের মন্তব্যের বিষয় নিয়ে তথ্য-প্রমাণ দিয়ে আদালতেও জনস্বার্থ মামলা করবেন।
আদালত কী পদক্ষেপ করে তা স্পষ্ট হবে কয়েক দিনের মধ্যেই। শুভেন্দু কাল সেই মামলাটি দায়ের করতে পারেন। এর পাশাপাশি বিজেপি নেতা-কর্মীদের কী করতে হবে তাও সময়মতো জানিয়ে দেবেন শুভেন্দু। তিনি বলেন, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও এমন করতে গিয়েছিল। উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী। স্থানীয় মানুষ বেরিয়ে ওদের তাড়িয়ে দিয়েছেন।
এদিকে, অমরনাথের বক্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বিজেপি মানুষকে কিছুই দিতে পারেনি। সে সম্পর্কে প্রশ্ন করার অধিকার সকলের রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘোষণা বিজেপি নেতাদের ভীত করেছে। তাঁদের পায়ের তলার মাটি সরায় উস্কানিমূলক মন্তব্য করছেন। হাত ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়ার কথা কখনও গঠনমূলক কথা নয়। বিজেপিকে ২০২৪ সালেই নিশ্চিহ্ন করবেন মানুষ।












Click it and Unblock the Notifications