Mithun Humayun Row: ‘আমাকে পুঁততে গেলে মিঠুনকে আরেকবার জন্ম নিতে হবে,’ পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুনের
Mithun Humayun Row: সল্টলেকে ইজেডসিসি-তে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান থেকে রবিবার নাম না করে হুমায়ুন কবীরকে (Humayun Kabir) নিশানা করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সোমবার বিধানসভায় পাল্টা আক্রমণ শানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA)। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে মিঠুনকে চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবীর।
হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। রবিবার সেই প্রসঙ্গ টেনে আনেন মিঠুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সামনেই নাম না করে হুমায়ুনকে হুঁশিয়ারি, "এক বিধায়ক বলেছিলেন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন, কিন্তু দেখলাম কিছুই বলা হয়নি।"

এরপরই মিঠুন চক্রবর্তী বলেন, "তোমাকে কেটে ভাগীরথীতে ভাসাব না, কারণ ভাগীরথী আমাদের মা। তোমাকে কেটে তোমার জমিতেই পুঁতে দেব।" সোমবার মিঠুনের এই হুঁশিয়ারির পাল্টা মুখ খোলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
নিজের মন্তব্যে সাফাই দিয়ে এদিন হুমায়ুন পাল্টা বলেন, "আমাকে পুঁততে হলে মিঠুনকে আরেকবার জন্ম নিতে হবে। আমাকে পুঁততে পারবেন, সেই ক্ষমতা এখনও হয়নি। পরের জন্মে এসে মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন। এজন্মে তো আর হবে না। আমাকে উনি পুঁততে পারবেন না, চ্যালেঞ্জ করে বলতে পারি। ওসব ধমকানি চমকানিতে ভয় পায় না হুমায়ুন কবীর।"
রবিবার ভরা সভায় শাসকদল তৃণমূলকে উদ্দেশ্য করে আরও হুঁশিয়ারি দেন মিঠুন। বলেন,"আমাদের গাছের ১টা ফল ছিঁড়লে আমরা ৪টে ফল ছিঁড়ে রেখে দেব। হিন্দুদের ভোট দিতে না দিলে আপনার ভোটব্যাঙ্ককেও ভোট দিতে দেব না। এটা অভিনেতা মিঠুন বলছে না, রাজনৈতিক মিঠুন বলছে। এক কোটি সদস্য হলেই বাংলায় বিজেপি মসনদে বসবে।"
প্রসঙ্গত, সল্টলেকে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে রবিবার উপস্থিত ছিলেন অমিত শাহ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের ডাক দেন শাহ। দুর্নীতি ইস্যু থেকে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ, শাসকদলকে একের পর এক আক্রমণ শানান শাহ।












Click it and Unblock the Notifications