ক্যানিং-এ তৃণমূল নেতার ওপর দুষ্কৃতী হামলা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
তৃণমূলের এক নেতাকে গুলি করে পালাল তিন বাইক আরোহী। বুধবার রাতে এমনই ঘটনা ঘটেছে ক্যানিং-এ।
তৃণমূলের এক নেতাকে গুলি করে পালাল তিন বাইক আরোহী। বুধবার রাতে এমনই ঘটনা ঘটেছে ক্যানিং-এর তালদিতে।

পুলিশ সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ব্যক্তির নাম রামচরণ মণ্ডল। তিনি জমি বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। প্রতিদিনের মতো বুধবারও বেরিয়েছিলেন তৃণমূলের ওই নেতা। সেই সময় তিন বাইক আরোহী এসে গুলি চালায় বলে জানা গিয়েছে।
গুলি বিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওই তৃণমূল নেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি এই হামলার পিছনে জড়িত। বৃহস্পতিবার এই অভিযোগে তালদিতে পথ অবরোধও করে তারা। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্রের খবর, পুলিশের প্রাথমিক অনুমান, জমি-জমা সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা হয়েছে।
২০১১-এ ক্ষমতায় আসার পর থেকে এর আগেও একাধিক বার ক্যানিং-এ তৃণমূল কর্মী ও নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ২০১৫-র মে মাসে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুল শেখকে গুলি করা হয়।












Click it and Unblock the Notifications