তৃণমূলের অন্দরে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ, সরকারি পদে ইস্তফা মন্ত্রীর মা-র
তৃণমূলের অন্দরে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ, সরকারি পদে ইস্তফা মন্ত্রীর মা-র
শেষ পর্যন্ত সরকারি পদে ইস্তফা দিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহার (shiuli saha) মা অপর তৃণমূল নেত্রী বনশ্রী খাঁড়া (banashree khanra)। এদিন তিনি নন্দীগ্রাম ৪ (nandigram) নম্বর পঞ্চায়েতের প্রধান পদে ইস্তফা দিয়েছেন। নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসার অভিযোগেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে। তবে পদত্যাগ পত্রে তিনি শারীরিক কারণের কথা উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে।

সন্ত্রাসের প্রতিবাদে পদত্যাগ
বুধবার বিডিও অফিসে নিজের পদত্যাগপত্র দিলেও, বনশ্রী খাঁড়া জানিয়েছেন, তিনি দল ছাড়ছেন না। তাই অন্যদলে যাওয়ার প্রশ্নও নেই। শারীরিক অসুস্থতার কারণে তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন বনশ্রী খাঁড়া। কতিপয় দুষ্কৃতীর হাতে তাঁর ভোটারা অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। দলের মধ্যে সেই দুষ্কৃতীদের শাস্তির দাবি তিনি করেছিলেন বলে দাবি করেছেন বনশ্রী খাঁড়া। তবে তিনি জানিয়েছেন, দলের সঙ্গে মনোমালিন্যের কিছু হয়নি।

সন্ত্রাস হয়নি, দাবি তৃণমূলের
ভোট পরবর্তী হিংসা রাজ্যের বিভিন্ন জায়গায়। তা ছাড়েনি নন্দীগ্রামকেও। সেই অভিযোগ অবশ্য মানতে চায়নি তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে রাজ্য সরকার জানিয়েছে ৮ মে-র পর থেকে রাজ্যে হিংসার ঘটনা ঘটেনি।

দলবিরোধী কাজের অভিযোগে অনাস্থা
তৃণমূলের তরফে অভিযোগ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে সক্রিয় ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত বনশ্রী খাঁড়া। সেই কারণে দলবিরোধী কাজের অভিযোগ করে নন্দীগ্রাম ৪ পঞ্চায়েত প্রধান বনশ্রী খাঁড়ার বিরুদ্ধে বিডিও অফিসে অনাস্থা জমা দেন ওই পঞ্চায়েতের বাকি সদস্যরা। এই পঞ্চায়েতের অপর এক সদস্য হলেন শিউলি সাহার ভাই সুদীপ খাঁড়া।
শুধু বনশ্রী খাঁড়াই নন, নন্দীগ্রাম ১ ব্লকের মৎস্য কর্মীধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী এবং কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সানোয়ার শাহের বিরুদ্ধে তৃণমূলের তরফে অনাস্থা আনা হয়েছে।
তৃণমূলের তরফে অভিযোগ, যাঁদের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে, তাঁরা নিজের নিজের এলাকায় শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছেন। এবং সেই জায়গায় বিজেপিকে লিড দিয়েছেন।

খোঁজ চলছে আরও নেতার
পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে, নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় যাঁরা তৃণমূলের পদে থেকে দলবিরোধী কাজ করেছেন, তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পরবর্তী পর্যায়ে তালিকা তৈরি করে আরও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications