ভাঙড়বাসীই ঠিক করুন ‘বন-মানুষের রূপে’ থাকবেন কি না, সাফ জবাব রেজ্জাকের
রবিবার প্রকল্প ক্ষেত্রের সামনেই সভা করে আন্দোলনকারীদের জন্য বার্তা দিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালনমন্ত্রী রেজ্জাক মোল্লা।
হুঁশিয়ারি দিয়ে লাভ নেই, ভাঙড়ে পাওয়ার গ্রিড হবেই। তার কারণ ভাঙড়ে পাওয়ার গ্রিড দরকার মানুষের প্রয়োজনেই। রবিবার প্রকল্প ক্ষেত্রের সামনেই সভা করে আন্দোলনকারীদের জন্য বার্তা দিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালনমন্ত্রী রেজ্জাক মোল্লা। তিনি বলেন, 'আমরা বনমানুষের রূপে থাকতে চাই না। আমরা অন্ধকার থেকে আলোয় আসতে চাই। তাই ভাঙড়ে পাওয়ার গ্রিডের দরকার।'

এদিন রেজ্জাক মোল্লা সরাসরি বলেন, 'আন্দোলনকারী ভাইয়ের শুনে রাখুন, আপনারা রক্ত ঝরানোর বার্তা দিয়েছেন। আমরা রক্ত ঝরুক চাই না। কারণ আমাদের সরকার উন্নয়নের পক্ষে। আমরা রক্ত ঝরাতে এখানে আসিনি। আমরা বন মানুষ নই। আমরাও মানুষ আপনারাও মানুষ, আর মানুষের প্রয়োজনেই দরকার পাওয়ার গ্রিড। আপনাদের কাছে আমরা তাই আবেদন নিয়ে এসেছি। বুঝে দেখুন, ভেবে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।'
সেইসঙ্গে এদিন ফের তিনি জানান ভাঙড়ে পাওয়ার গ্রিড হবেই। ভাঙড়ের মঞ্চ থেকে আন্দোলনকারীদের রফাসূত্র বের করার জন্য এক মাস সময় দেন তিনি। স্পষ্ট করে জানিয়ে দেন, 'আমরা আলোচনার জন্য প্রস্তুত। তার জন্য সবার আগে আন্দোলন ত্যাগ করতে হবে।'
আরাবুল ইসলামও বলেন, 'আমরা আলোচনায় রাজি, ক্ষতিপূরণ দিতে রাজি। কিন্তু পাওয়ার গ্রিড হবেই। বহিরাগতদের উসকানিতে পা দেবেন না। পাওয়ার গ্রিড গড়ার শর্ত মেনে নিলেই আলোচনা শুরু হবে। ক্ষতিপূরণ-সহ সমস্ত চাহিদা মেটানো হবে।'












Click it and Unblock the Notifications