মেলার ভিড়ে কদর্য যৌন আচরণ মধ্যবয়সী ব্যক্তির , ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভে ফুঁসছে চুঁচুড়া
ভিড়ে ঠাসা মেলার মাঠ। খুশির আমেজ। সকলেই নিজের মতো করে উপভোগ করছেন মেলার আনন্দ। আর তারই মধ্যে অনেকের অলক্ষ্যে ঘটে গেল ঘৃণ্য এক ঘটনা।
ভিড়ে ঠাসা মেলার মাঠ। খুশির আমেজ। সকলেই নিজের মতো করে উপভোগ করছেন মেলার আনন্দ। আর তারই মধ্যে অনেকের অলক্ষ্যে ঘটে গেল ঘৃণ্য এক ঘটনা। মেলার মাঠে ভিড়ের সুযোগ নিয়ে এক মধ্যবয়সী পুরুষের কদর্য যৌন আচরণের শিকার হতে হল এক অল্পবয়সী মেয়েকে। যে আচরণের ভিডিও প্রকাশিত হতেই ক্ষোভ ফুঁসছে সোশ্যাল মিডিয়া। ঘটনা হুগলির চুঁচুড়ার । সেখানের সেকেন্ড গ্রাউন্ডে আয়োজিত মেলায় এই ঘটনার ভিডিও এই মুহুর্তে ভাইরাল হয়ে উঠেছে হোয়াটস্যাপ ও ফেসবুকের মাধ্যমে।

বাসে , ট্রামে , রাস্তায় চলার পথে , বিভিন্ন সময়ে মহিলাদের একাধিকভাবে হেনস্থার শিকার হতে হয়। কোথাও ভিড়ের সুযোগ নিয়ে, কোথাওবা প্রকাশ্যেই কোনও মহিলাকে লক্ষ্য করে চলতে থাকে বিকৃত যৌন আচরণ। দিনে দুপুরে কিশোরী থেকে প্রাপ্ত বয়স্ক মহিলা ,কেউই বাদ যাননা এক ধরনের বিকৃতমনস্ক পুরুষের এহেন ঘৃণ্য আচরণের হাত থেকে। অনেক সময়ে তার প্রতিবাদ হয়, আবার অনেক ক্ষেত্রে তা হয় না। চুঁচুড়ার মেলার ভিড়ের এই ঘটনাটি সেই পরিস্থিতিকেই ফের তুলে ধরেছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মধ্যবয়সী এক ব্যক্তি ভিড়ের মধ্যে সামনের সারিতে দাঁড়িয়ে থাকা এক অল্পবয়সী মেয়েকে লক্ষ্য করে বিকৃত যৌন আচরণ করে চলেছেন।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন চুঁচুড়াবাসী। ক্ষোভ উগড়ে দিতে শুরু করে সোশ্যাল মিডিয়াও। কিন্তু প্রশ্ন উঠছে ঘটনার সময়ে প্রতিবাদ না করে , কেন এই ভিডিও-টি তুলেই ক্ষান্ত থাকা হল? কেন ক্ষোভ উগড়ে দেওয়া হল না ঘটনাটি ঘটবার সময়ে ? উল্লেখ্য, বেশ কিছুদিন আগে, কলকাতার বাসে এক বয়স্ক ব্যক্তি প্রকাশ্যে এক মহিলাকে লক্ষ্য করে কদর্য যৌন আচরণ করতে থাকে। যে ঘটনার ভিডিও শেয়ার করে সেই মহিলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলকাতা পুলিশের হস্তক্ষেপ দাবি করেন। রাতারাতি অপরাধী ব্যক্তিকে পাকড়াও করে কলকাতা পুলিশ। রাজ্য পুলিশের এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপকে সকলেই সাধুবাদ জানান। এরপর হুগলীর চুঁচুড়ার এই ঘটনায় পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে সকলেই চোখ রাখছেন। এই ধরনের ভিডিও শেয়ারের পর কেবল তাতে 'লাইক' বা 'কমেন্ট' -এর ঝড়ই ওঠে, নাকি ফের কোনও দৃষ্টান্তমূলক পদক্ষেপ উঠে আসবে, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই ।












Click it and Unblock the Notifications