আবার নতুন রূপে ফিরছে মেট্রো সিনেমা হল
আবার নতুন রূপে ফিরছে মেট্রো সিনেমা হল
এক সময়ের বহু ইতিহাসের সাক্ষী ধর্মতলার বুকে দাঁড়িয়ে থাকা মেট্রো সিনেমা হল বন্ধ হয়ে যায় ২০১১ সালে। ১০ বছর আগে বন্ধ হয়ে যাওয়া মেট্রো সিনেমা আবার ফিরছে নতুন রূপে। যে সংস্কৃতির সূত্রপাত ৮৬ বছর আগে। কলকাতার প্রথম আধুনিক সিনেমা হল। যখন কলকাতার সিনেমাপিপাসু ব্রিটিশদের বিনোদনের জন্য মেট্রো-গোল্ডউইন-মায়ের (এমজিএম) সংস্থা, যা বিশ্বের অন্যতম পুরনো প্রযোজনা ও বিপণন (ডিস্ট্রিবিউশন) সংস্থাও বটে, তারা কলকাতার চৌরঙ্গিতে মেট্রো সিনেমা তৈরি করেছিল। সে-ই শুরু। কিন্তু গত দীর্ঘ কয়েক বছর ধরে পুরনো কাঠামোর ভগ্নদশা, সিনেমা হল চত্বরে নানা অসামাজিক কাজের কারণে সংখ্যাগরিষ্ঠ শহরবাসীই এই প্রাণকেন্দ্র এড়িয়ে চলতেন।

তাই এটি ভেঙে পুনরায় নতুন করে তৈরি করা হয়েছে এই সিনেমা হল। তবে সিনেমা হলের প্রধান দিকটা বাদ দিয়ে বাকি দিকে তৈরি হয়ে যায় শপিং মল। কলকাতার এক বড় ইতিহাসের সাক্ষীকে এভাবে নষ্ট হয়ে যেতে দেখে অনেকের মানেই আঘাত লেগেছিল। এই হল বহু কিছুর সাক্ষী। তবে সব সময় সব কিছু খারাপ হয় এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। ফের নতুন ভাবে চালু হয়ে গেল এই মেট্রো সিনেমা হল।
সাদামাটা সিনেমা হল নয়, একেবারে আইনক্সে পরিনত হলো মেট্রো সিনেমা। আইনক্সের হাত ধরেই খুলে গেল এই হল। জানা গিয়েছে, স্থপতি সুবীর কুমার বসুর পরামর্শেই মেট্রো রিয়ালিটি গ্রুপের তরফে আপাতত দু'টি স্ক্রিন চালু করা হচ্ছে। ৪২২টি আসন নিয়ে চালু হচ্ছে এই হল। নতুন নাম রাখা হয়েছে 'মেট্রো আইনক্স'।
সুবীরবাবু জানান, 'হেরিটেজ শৈলী অক্ষুণ্ণ রেখে সমস্ত দফতর থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নিয়েই এই নতুন মেট্রো তৈরি করা হয়েছে। আমাদের একটাই লক্ষ্য ছিল শহরের পুরনো প্রজন্মের সঙ্গে নতুন প্রজন্মের কাছেও এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা।' রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন বাবু বলেন, 'হেরিটেজ শৈলী অক্ষুণ্ণ রেখেই নতুন মেট্রো নির্মাণ করা হয়েছে।'












Click it and Unblock the Notifications