পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে, শীতের টান কমলেও কুয়াশার সতর্কতা, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
বছরের একেবারে শুরুতেই কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে শীতের কামড় বেশ টের পাওয়া গিয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল রেকর্ডের কাছাকাছি, কনকনে ঠান্ডায় সকালের হাঁটা থেকে রাতের শীতের আমেজ সবটাই উপভোগ করেছেন মানুষ। কিন্তু সেই জাঁকিয়ে বসা শীতের দিন গোনা শুরু হয়ে গিয়েছে বলেই ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে আর তীব্র শীত পড়ার সম্ভাবনা কম। আজ ও আগামীকাল থেকেই পারদ ধীরে ধীরে চড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর পরবর্তী তিন দিন তাপমাত্রা প্রায় একই জায়গায় ঘোরাফেরা করবে বড় কোনও ওঠানামার ইঙ্গিত নেই। যদিও আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে ফের ঠান্ডা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস।

তবে তাপমাত্রা বাড়লেও দক্ষিণবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার থাকবে না। বহু জেলাতেই কুয়াশার দাপট দেখা যাবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া ও বীরভূম এই সব জেলায় সকালের দিকে কুয়াশা দৃষ্টিভঙ্গি কমাতে পারে।
পরিসংখ্যান বলছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস চলতি মরশুমে যা ছিল রেকর্ড। সেই তুলনায় আজ পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ছবিটা ঠিক উল্টো। সেখানে আগামী দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিঙে আজ ও আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। কালিম্পং ও জলপাইগুড়ি সহ আরও কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক হওয়ার সম্ভাবনা।
তবে কুয়াশা নিয়ে সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। ঘন কুয়াশার কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার দু'দিনই কুয়াশার দাপট বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সব মিলিয়ে, শীত পুরোপুরি বিদায় না নিলেও দক্ষিণবঙ্গে তার ধার কিছুটা কমছে, আর উত্তরবঙ্গে শীত এখনও নিজের দাপট দেখাতে প্রস্তুত।












Click it and Unblock the Notifications