পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের পারদ পতন! এই দিন থেকে বদলাবে আবহাওয়া, কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
আপাতত রাজ্যে শুকনো আবহাওয়াই বজায় থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী শুক্রবার এবং শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কোনওরকম সম্ভাবনা নেই। সকাল থেকে আকাশ পরিষ্কারই থাকবে। রাতের তাপমাত্রা আগামী দু'দিন সামান্য বাড়বে। তবে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই ঘোরাফেরা করবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৬-৮২ শতাংশের মধ্যে রয়েছে।
তবে আগামী শনিবারের পর থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়াতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার এবং বুধবারও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও রয়েছে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। দার্জিলিংয়ের পার্বত্য এলাকাগুলিতে আজ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী রবিবার কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার কোচবিহার এবং আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। যদিও আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানানো হয়েছে।
আবহাওয়ার এরকম পরিবর্তন হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। উত্তর থেকে পূর্ব আসামের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যা ওড়িশা থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এছাড়া জম্মু এবং কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। গতকাল আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর এবং পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির কারণেই আগামী সপ্তাহের শুরুর দিকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications