চাকরিহারাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা, চর্চা লক্ষ্মীর ভান্ডার ও বাতিলশ্রী নিয়ে
SSC Scam Verdict: কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের প্যানেল বাতিল করেছে। ফলে চাকরি গেল ২৬ হাজার ৭৫৩ জনের।
সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে এসএসসি। চাকরিহারাদের পাশে থেকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তাঁর পদত্যাগ দাবি করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেছিলেন, নতুন সপ্তাহের প্রথমেই বোমা পড়বে, তাতে বেসামাল হয়ে যাবে তৃণমূল। যদিও পরে তিনি বলেন, কোর্টের বিষয়ে কিছু বলছি না। রাজনৈতিক বিস্ফোরণের কথা বলছি। যদিও শুভেন্দুর সেই বোমা ইস্যুকে হাতিয়ার করে আদালতের রায়ের আগে কীভাবে তিনি তা জানলেন সেই প্রশ্ন তুলেছে তৃণমূল।
লোকসভা নির্বাচনের আরও ৬ দফা ভোটগ্রহণ বাকি। আজ কলকাতা হাইকোর্টের রায় নিশ্চিতভাবেই ইন্ধন জুগিয়েছে রাজনৈতিক চাপানউতোরের। নির্বাচন কমিশনও বিপাকে কেন না চাকরিহারারা ভোটকর্মীর দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে নতুন করে ঘুঁটি সাজাতে হবে।
সাধারণ মানুষজন থেকে রাজনীতিবিদদের কেউ কেউ বলছেন, সকলের চাকরি যাওয়া ঠিক হয়নি। অযোগ্য বা দুর্নীতিগ্রস্তদের চাকরি গিয়েছে ঠিকই, কিন্তু কী দোষ করলেন যোগ্যরা? পাল্টা যুক্তিও আসছে, ওএমআর শিট অনুযায়ী নতুন যে প্যানেল হবে তাতে তো যোগ্যদের সমস্যা নেই। খালি খাতা জমা দিয়ে চাকরি পাওয়াদেরই সমস্যা।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় চলছে মিম। রাজ্যের শাসক দলকে নিশানা করেই যার সিংহভাগ তৈরি করা হয়েছে। ছড়াচ্ছে নানাবিধ কার্টুন। একটি ফেসবুক পোস্টে লেখা হয়েছে, বরের চাকরি চলে গিয়েছে তো কী হয়েছে? বৌ লক্ষ্মীর ভান্ডার পাবে, আরামে সংসার চলবে। কেউ আবার লিখেছেন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, চাকরি চলে যাওয়ায় তারা ক্রেতা সুরক্ষা দফতরে যেতে পারবে কিনা।
সত্যজিৎ রায়ের জনপ্রিয় ছবির চরিত্রদের নিয়ে মিম বানানো হয়েছে। তাতে ফেলুদাকে জটায়ু জিজ্ঞেস করছেন, যাদের চাকরি গেল বাতিলশ্রী প্রকল্পে তাদের ২ হাজার টাকা করে দেওয়া যায় কিনা। কেউ লিখেছেন, আজকে যাদের চাকরি গেল সবাই মিলে আওয়াজ তোলো, সবাই মিলে কালীঘাট চলো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভনন্দন শব্দটি ব্যবহার করেন। ফেসবুকে জনৈক লিখেছেন, যাদের চাকরি গিয়েছে তাদের শুভনন্দন। আর আসল চাকরির পদপ্রার্থীদের জন্য রইল অভিনন্দন। উল্লেখ্য, অযোগ্য বা কারচুপি করে ক্রমতালিকায় উঠে আসাদের নাম বাদ পড়তেই কপাল খুলে নিয়োগ হবে যোগ্য চাকরিপ্রার্থীদের।












Click it and Unblock the Notifications