বাড়ছে বিপদ, এবার রাজ্যসভাতেও তদন্তের মুখে পড়তে পারেন ঋতব্রত
সময়ের সঙ্গে সঙ্গে বিপদ আরও বাড়ছে সিপিএম থেকে বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। যৌন কেলেঙ্কারির জেরে কলকাতা ও দিল্লিতে পুলিশি তদন্তের সঙ্গে, রাজ্যসভার এথিক্স কমিটির তদন্তের মুখেও পড়তে পারেন
সময়ের সঙ্গে সঙ্গে বিপদ আরও বাড়ছে সিপিএম থেকে বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। যৌন কেলেঙ্কারির জেরে কলকাতা ও দিল্লিতে পুলিশি তদন্তের পাশাপাশি, রাজ্যসভার এথিক্স কমিটির তদন্তের মুখেও পড়তে পারেন তিনি।

নম্রতা দত্তের অভিযোগের জেরে শুক্রবার কলকাতায় তাঁকে তলব করেছে সিআইডি। কসবার বাড়িতে পোস্টারও সেঁটেছে সিআইডি। তৎপর দিল্লি পুলিশও। তারাও ডেকে পাঠিয়েছে ঋতব্রতকে।
এদিকে ঘটনার বিবরণ দিয়ে মুখ্যমন্ত্রীকে ইমেল করার পাশাপাশি, অভিযোগকারী মহিলা রাজ্যসভার চেয়ারম্যানের কাছেও বিষয়টি নিয়ে দরবার করেছেন বলে খবর। বিষয়টি নিয়ে ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত চেয়ে সরব হতে পারেন সাংসদরা। তবে এই দলে কে বা কারা থাকবেন তা এখনও স্পষ্ট নয়। পিছন থেকে সিপিএম সাংসদরা এই দাবিতে মদত যোগাতে পারেন বলে মনে করা হচ্ছে। কেননা যে দল ঋতব্রতকে রাজ্যসভায় পাঠিয়েছিল, সেই দলের পক্ষে তাঁর বিরুদ্ধে সরাসরি তদন্তের দাবি করা যথেষ্ট অস্বস্তিকর।
সাংসদরা কী কাজ করতে পারবেন, আর কী পারবেন না, কোন কাজ করলে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় কিংবা বিশ্বাসযোগ্যতা হারায়, তা নিয়ে স্পষ্ট করা আছে কোড অফ কনডাক্ট। এই মুহুর্তে রাজ্যসভার কোড অফ কনডাক্টের দেখভাল করা এথিক্স কমিটির শীর্ষে রয়েছে বর্ষীয়ান সাংসদ করণ সিং। কমিটিতে তৃণমূলসহ বেশ কিছু দলের সাংসদরাও রয়েছেন। অভিযোগের ভিত্তিতে সাংসদদের অনৈতিক কাজ নিয়ে তদন্তে করতে পারে কমিটি। তদন্ত কমিটির সুপারিশের জেরে সাসপেন্ডও করা হতে পারে। এমন কি সাংসদ পদ খোয়ানোরও একাধিক নজির রয়েছে।
তবে যৌন কেলেঙ্কারির জেরে সংসদপদ খারিজ হওয়ার নজির সেরকম একটা নেই। সত্তরের দশকে ইন্দিরা গান্ধী সংসদ পদ হারিয়েছিলেন। পরবর্তী সময়ে এথিক্স কমিটির তদন্তের পর সাংসদ পদ খুইয়েছিলেন সুব্রহ্মণ্যম স্বামী , বিজয় মালিয়ার মতো অনেকেই।












Click it and Unblock the Notifications