তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন বিদায়ী মেয়র পারিষদ, পুরভোটের আগে উলটপুরান আসানসোলে
তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন বিদায়ী মেয়র পারিষদ, পুরভোটের আগে উলটপুরান আসানসোলে
বাংলায় দলবদলের রাজনীতিতে ফের উলটপুরান। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বিদায়ী মেয়র পারিষদ সদস্য। আসানসোল পুরসভা ভোটের আগে বিদায়ী মেয়র পারিষদ গোলাম সরোবর যোগ দিলেন কংগ্রেসে। তাঁর কংগ্রেসে যোগদানের পরই তৃণমূল কংগ্রেসের তরফে ফিরে আসার আহ্বান জানানোও বিশেষ তাৎপর্যপূর্ণ।

কংগ্রেসে তৃণমূলের মেয়র পারিষদ
আসানসোল পুরসভায় এবার তৃণমূলের প্রার্থী তালিকায় নাম ছিল না গোলাম সরোবরের। তিনি তৃণমূলে ঠিকিট না পেয়ে কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নেন। সেইমতো আসানসোলের বিদায়ী মেয়র পারিষদ যোগ দেন কংগ্রেসে। গোলাম সরোবরের কংগ্রেসে যোগদানের পরেই তৃণমূল কংগ্রেসের তরফে আহ্বান জানানো হয় ফিরে আসার।

কংগ্রেসে যোগদানে দলের শক্তি বাড়ল
পুরভোটের আগে এবার শাসকশিবিরে ভাঙন ধরালো কংগ্রেস। ফুল ছেড়ে হাত ধরলেন গোলাম সরোবর। শনিবার সকালে আসানসোলের হীরাপুরে কংগ্রেস কার্যালয়ে এসে তিনি দলবদল করেন। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর হাত ধরে তিনি কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে তাঁর কংগ্রেসে যোগদানে দলের শক্তি বাড়ল বলে জানান জেলা সভাপতি।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গুরুতর
২০১৫ সাল তেকে গোলাম সরোবার আসানসোল পুরসভার শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। এবার তাঁকে টিকিট না দিয়ে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগ তুলে গোলাম সরোবার বলেন, কোনও কারণ না দেখিয়ে তাঁকে টিকিট দেওয়া হয়নি। তাঁকে এ ব্যাপারে আগে জানানোও হয়নি। ফলে তিনি দলের এই ব্যবহারে অসন্তুষ্ট। তাই দলবদলের সিদ্ধান্ত নেন তিনি।

কংগ্রেসে যোগ দিতেই তৃণমূলের ডাক
পশ্চিম বর্ধমনা জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, তৃণমূল ছেড়ে এদিন গোলাম সরোবার-সহ একাধিক নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। দল এতে আরও সমৃদ্ধশালী হয়েছে। এরপর গোলাম সরোবরকে দলে ফিরে আসার আহ্বান জানিয়েছে তৃণমূল। এখন দেখার গোলাম সরোবর কী সিদ্ধান্ত নেন। তিনি তৃণমূলে ফিরে য়ান, নাকি কংগ্রেসে থেকেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেন।

গোলামকে দরকার তৃণমূল কংগ্রেসের
তৃণমূল কংগ্রেসের পক্ষে জানানো হয়েছে গোলামের মতো মানুষকে দরকার তৃণমূলের। তৃণমূলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ও দল ছেড়েছে। তবে আমরা চাই গোলাম ফিরে আসুক তৃণমূলে। কংগ্রেসের কোনও ভবিষ্যৎ নেই এখন। গোলামের মতো নেতার কংগ্রেসে গিয়ে কোনও লাভ হবে না। তৃণমূলে থাকলে কাজের পরিসর মিলবে অনেক বেশি।

আসানসোলে ভাঙনে চিন্তায় তৃণমূল
উল্লেখ্য, ২২ জানুয়ারি আসানসোল পুরসভায় ভোট। মোট ১০৬টি ওয়ার্ডের মধ্যে গত বিধানসভা ভোটের নিরিখে ৬৬টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। আর তৃণমূল এগিয়ে রয়েছে ৪০টি ওয়ার্ডে। ফলে এখানে তৃণমূল ও বিজেপির মধ্যে জোরদার লড়াই হতে চলেছে এবার। তার মাঝে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications