পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায় 'ভুল'! বাম নেতার মার্কসীয় তত্ত্বে বিতর্ক
সুপ্রিম কোর্টের পঞ্চায়েত রায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে বিতর্কে জড়ালেন পূর্ব বর্ধমানের সিপিএম নেতা তথা হরেকৃষ্ণ কোনারের ভাইপো সুকান্ত কোনার।
সুপ্রিম কোর্টের পঞ্চায়েত রায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে বিতর্কে জড়ালেন পূর্ব বর্ধমানের সিপিএম নেতা তথা হরেকৃষ্ণ কোনারের ভাইপো সুকান্ত কোনার। সূত্রের খবর অনুযায়ী, সিপিএম নেতারা অন্তত মিডিয়ার সামনে সুকান্ত কোনারের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছেন। তবে নিজের মন্তব্য থেকে সরতে নারাজ এই সিপিএম নেতা।

পঞ্চায়েতে ২২ হাজার আসনে তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে সুপ্রিম কোর্টে করা মামলায় কার্যত পর্যুদস্ত হয়েছে বিরোধীরা। সবাইকেই জয়ী ঘোষণা করার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে পঞ্চায়েত বোর্ড গঠনের ৩০ দিনের মধ্যে ট্রাইবুনালে মামলা করা যাবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। এই রায়ের পরেও হার মানতে নারাজ পূর্ব বর্ধমানের সিপিএম নেতা সুকান্ত কোনার।
সুপ্রিম কোর্টের রায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। আর তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সুকান্ত কোনার বলেছেন, মহান মার্কস বলেছেন যে, শ্রেণি বিভক্ত সমাজে বিচারব্যবস্থা কখনও শ্রেণি নিরপেক্ষ হতে পারে না। পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে মার্কস-এর কথার সত্যতা প্রমাণিত হল। এই রায়ে সুপ্রিম কোর্টের মুখ পুড়ল। কারণ সারা রাজ্যের মানুষ দেখেছে কেমন ভাবে ভোট হয়েছে। যাদের মোহ আছে তারা মোহ কাটান।
সোশ্যাল মিডিয়ায় নেতার বক্তব্যে অনেকে লাইক দিলেও, অন্তত মিডিয়ার সামনে নেতার বক্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে সিপিএম নেতৃত্ব। তারা বিষয়টিকে ব্যক্তিগত মত বলে জানিয়েছে।
আইনজীবীমহল বিষয়টিকে আদালত অবমাননার সামিল বলে মন্তব্য করেছে। এসম্পর্কে হরেকৃষ্ণ কোনারের ভাইপো সুকান্ত কোনার জানিয়েছেন, বিষয়টি ভেবে চিন্তেই লিখেছেন। কেউ মামলা করলে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন সুকান্ত কোনার।












Click it and Unblock the Notifications