'মাথা চাই শুভেন্দুর' তৃণমূল গড়ে মন্ত্রীকে খুন করতে চেয়ে পোস্টার মাওবাদীদের
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার তৃণমূলের খাসতালুকেই আতঙ্কের পোস্টার পড়ল।
রাজ্যের মন্ত্রী তথা মেদিনীপুরের ঘরের ছেলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার তৃণমূলের খাসতালুকেই আতঙ্কের পোস্টার পড়ল। পশ্চিম মেদিনীপুরের মুড়াকাটায় মাওবাদী পোস্টার মিলেছে। তাতে শুভেন্দু অধিকারীকে মাথা কেটে খুনের হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মাওবাদী পোস্টার
বৃহস্পতিবার সকালে মুড়াকাটার রাস্তায় এই পোস্টার পড়ে থাকতে দেখা যায়। সাদা পোস্টারে লাল কালিতে মাও স্টাইলে তা লেখা হয়েছে। সেই পোস্টারে রাজ্য পরিবহণ মন্ত্রীকে খুনের চক্রান্ত বাদেও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

শুভেন্দুকে হুমকি
মাওবাদী পোস্টারে রীতিমতো তৃণমূল নেতাদের হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, জঙ্গলমহলের সব তৃণমূল নেতারা সাবধান। শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোর মাথা চেয়েও পোস্টার ছড়িয়েছে মাওবাদীরা। এর পাশাপাশি মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। জঙ্গলমহলের মানুষকে মমতা ঠকিয়েছেন, পোস্টারে সেকথাই মাওবাদীরা বলতে চেয়েছে।

চার মাও গ্রেফতার
বুধবার গোয়ালতোড় থেকে চারজন মাওবাদীকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে মাওদের লিফলেট, বই ইত্যাদি নানা সামগ্রী উদ্ধার হয়েছে। এদের কেউ উত্তর ২৪ পরগনা, কেউ কলকাতা তো কেউ বীরভূমের বাসিন্দা।

জঙ্গলমহলে শক্তিবৃদ্ধি
প্রসঙ্গত, কয়েকমাস আগেই কেন্দ্রীয় ইন্টেলিজেন্স রিপোর্ট দেয় যে রাজ্যের জঙ্গলমহল এলাকায় ফের একবার নিজেদের শক্তিবৃদ্ধিতে মাওবাদীরা স্বয়ংক্রিয় হয়েছে। আশপাশের রাজ্য থেকেও এখানে জঙ্গলমহলে এসে শক্তি সঞ্চয় করে ফের নাশকতার ছক কষছে মাওবাদীরা।












Click it and Unblock the Notifications