বলাগড়ের বিধায়কের নিশানায় দলীয় নেতৃত্ব! নিয়োগ দুর্নীতিতে আরও গ্রেফতারি? ইডি নিয়ে লেখা লাইন মুছলেন কেন?
পঞ্চায়েত ভোটের আগে হুগলির বলাগড়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল চরমে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার ও তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় বলাগড়ের বাসিন্দা। ফলে রাজ্যের শাসক দল এমনিতেই অস্বস্তিতে। এবার বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বিস্ফোরক ফেসবুক পোস্টে আরও দলীয় নেতার ইডি-র হাতে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করলেন।

বিস্ফোরক বিধায়ক
সাহিত্যিক-বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী গতকাল রাতে ফেসবুকে লেখেন, "বলাগড় বিধানসভার এক নেতা আমার অনুপস্থিতিতে চ্যালেঞ্জ করে গিয়েছে আমাকে এক মাস একা একটি ঘরে বন্ধ করে রাখবে। পারলে আমি একটা লেখা লিখে যেন দেখাই। তাহলে সে নাকি এক লক্ষ টাকা দেবে। ভাবছি চ্যালেঞ্জটা নিয়ে নেব। কিন্তু সমস্যা হচ্ছে বেচারার নামে যা কেস কবে ইডি তুলে নেবে বলা মুশকিল। এক দুজনের টাকা নাক কান মুলে ফেরত দিয়েছে। কতজনের দেয়নি তা কে জানে। জেলে গেলে তখন ওই লক্ষ টাকা দেবে কে?"

লাইন ডিলিটে চাঞ্চল্য!
যদিও পরে নিজের পোস্টে ইডির হাতে দলীয় নেতার গ্রেফতারি সংক্রান্ত কিছু লাইন ডিলিট করেছেন বলাগড়ের বিধায়ক। তাঁর ফেসবুক পোস্ট শেষ করেছেন এভাবে- "ভাবছি চ্যালেঞ্জটা নিয়ে নেবো। কিন্তু সত্যি সত্যি টাকাটা দেবে তো? নাকি ফাঁকা প্রতিশ্রুতি?" যদিও বিধায়ক তাঁর পোস্টের বিস্ফোরক অংশটি ডিলিট করার আগেই সেটির স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন অনেকে। যা পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের অনেক মুখপাত্রের কাছেই।

দলীয় নেতৃত্বের উপর ক্ষোভ
ফেসবুক পোস্টে বিধায়ক আরও লেখেন, "বলাগড় বিধানসভার এক নেতা সবাইকে বলে বলে বেড়াচ্ছে আমি নাকি আমার সাতাশ খানা বইয়ের একটাও নিজে লিখিনি! কে একজন নাকি আমাকে লিখে দেয় আর আমি তা নিজের নামে ছাপাই।" সম্প্রতি বলাগড়ের এক তৃণমূল নেতা পথ দুর্ঘটনায় প্রয়াত হন। সেদিন মনোরঞ্জন ব্যাপারী ছিলেন ঝাড়খণ্ডে সাহিত্য সভায়। সেটি শুনেই কটাক্ষ করে ওই তৃণমূল নেতা বিধায়ক সম্পর্কে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ।

নামোচ্চারণ না করেও দিচ্ছেন ইঙ্গিত
আজ ফেসবুক পোস্ট নিয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি কিছুতেই ওই নেতার নাম উচ্চারণ করেননি। সংবাদমাধ্যমকে বুঝে নিতে বলেন। আবার এটাও বলেন, কারও নাম নিলে সেই দায় সংবাদমাধ্যমের। যদিও নিজের পোস্টের কমেন্টেই ওই নেতার নামের ইঙ্গিত দেন বিধায়ক। লেখেন, আমি প্রবীণ মানুষ, নবীন নাম কী করে বলি! তবে দলের নেতাই যে 'চ্যালা-চামুণ্ডা'দের নিয়ে তাঁর নামে ওইসব মন্তব্য করেছেন সেটা স্বীকার করেছেন বিধায়ক।

টাকা ফিরিয়েছেন ব্লক সভাপতি
দলীয় নেতা সম্পর্কে ইঙ্গিত আরও দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। সম্প্রতি তিনি নিজেই অভিযোগ করেছিলেন, অনেকেই বিজেপি থেকে এসে এখন দলের পদ পাচ্ছেন। বিধানসভা ভোটে তাঁরা দলীয় প্রার্থীকে জেতাতে নিষ্ক্রিয় ছিলেন। বলাগড়ের ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় পাল্টা বলেছিলেন, উনি বলাগড়ের কেউ নন। দিদি প্রার্থী করেছেন। দলীয় প্রার্থীকে আমরা জিতিয়েছি, কোনও ব্যক্তিকে নয়। এই নবীন গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই চাকরি দেওয়ার নামে টাকা তুলে প্রতারণার সরাসরি অভিযোগ করেছিলেন বিধায়ক।

পদক্ষেপের পথে তৃণমূল?
সম্প্রতি বলাগড়ের ব্লক তৃণমূল সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় এই বিধানসভার এক বাসিন্দা সুনীল দাসকে তাঁর ছেলের চাকরির জন্য নেওয়া টাকা ফেরত দিয়েছেন। প্রথমে তাঁর দেওয়া চেক বাউন্স করেছিল। যা অস্বস্তিতে ফেলে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকেও। স্থানীয় নেতৃত্বর কাছ থেকে অভিযোগ পেয়ে নবীনের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়ার আশ্বাস দেন হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন। মনোরঞ্জন ব্যাপারী বলেন, নেতার চ্যালেঞ্জ নিচ্ছি। তবে চেকে টাকা নেব না। যদি বাউন্স করে। ফলে রাজনৈতিক মহলের ধারণা, মনোরঞ্জনের নিশানা নবীনই।
Recommended Video

বিজেপির খোঁচা
বিষয়টি অন্য মাত্রা পেয়েছে বিধায়ক পোস্টের একাংশ ডিলিট করায়। যেখানে ইডি-র হাতে গ্রেফতারির আশঙ্কার কথা লেখা ছিল। সবমিলিয়ে দলীয় কোন্দল ফের সামনে এসেছে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, বিধায়ক অন্য জগতের লোক। তৃণমূলটা বুঝে উঠতে পারেননি। বলাগড়ের গোষ্ঠী কোন্দল নিয়ে বিধায়ক সরব হয়েছেন। তাঁর দলের নেতারাই তাঁকে হেয় করছেন। ফলে আমরা বলব, তিনি সময় থাকতে তৃণমূল ছেড়ে বিজেপির হাত ধরুন। এই দল যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিতে জানে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications