মনীশ খুনের ছায়া! এবার দিনেদুপুরে অর্জুন সিংয়ের বাড়ির সামনে খুন এক যুবক
মনীশ খুনের ছায়া! এবার দিনেদুপুরে অর্জুন সিংয়ের বাড়ির সামনে খুন এক যুবক
সোমবার দুটি ছবি সহ একটি টুইট করে গুরুতর অভিযোগ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকার এক যুবককে খুন করেছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুললেন অর্জুন। একুশের ভোটের আগেই কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর হাতে খুন হন অর্জুনের ছায়া সঙ্গী এবং ব্যারাকপুর এলাকার প্রভাবশালী বিজেপি নেতা মনীশ শুক্লা। এবার যেন সেই ঘটনার ছায়া দেখা গেল অর্জুন সিংয়ের বাড়ির সামনে আর এক যুবকের খুনে৷

একুশের ভোটের রেজাল্টের পর থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন অর্জুন। বিজেপি কর্মীদের ঘরছাড়া হওয়া, মারা খাওয়া এবং খুন হওয়া নিয়েও রাস্তায় এবং সোশ্যাল মিডিয়াতে সরব হতে দেখা গিয়েছে অর্জুন৷ সোমবার টুইটে অর্জুন লেখেন, 'আমার বাড়ি থেকে কয়েক মিটার দূরে রাজু সাউকে খুন করা হল। পয়েন্ট ব্ল্যানক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। রাজা নামের একজন দুষ্কৃতী এই খুন করেছে। রাজার বাবার নাম মোবারক৷'
এরপরই অর্জুন টুইটটে আরও লিখেছেন, 'পুরো এলাকাতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে AITC (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস) আশ্রিত দুষ্কৃতীরা৷' একই সঙ্গে টুইটে স্থানীয় প্রশাসনকে তোপ দাগতে ছাড়েননি অর্জুন। টুইটে ব্যারাকপুর পুলিশকে ট্যাগ করে অর্জুন লিখেছেন, 'ব্যারাকপুর পুলিশ তৃণমূলের এইসব দুষ্কৃতীদের বাঁচিয়ে রাখছে।'
প্রসঙ্গত একুশের বিধানসভা ভোটের আগে অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে তোলপাড় হয় বঙ্গ-রাজনীতি। এবং সেইসময়ও বিকেলে টিটাগড় থানার উল্টোদিকে একদল দুষ্কৃতী এসে গুলি চালিয়ে খুন করেছিল মনীশকে৷ এমনকি পরিকল্পনামাফিক আগের থেকেই রাস্তার সিসিটিভি সরিয়ে রেখেছিল দুষ্কৃতীরা৷












Click it and Unblock the Notifications