গোষ্ঠীকোন্দল রুখতে নাম করে দলীয় নেতা-নেত্রীদের হুঁশিয়ার করলেন মমতা
কলকাতা, ৭ অগাস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী শনিবার কালীঘাটের বাড়িতে দলীয় নীতি নির্ধারনের জন্য একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, সব্যসাচী দত্ত, সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী সহ একাধিক নেতা ও বিধায়ককে উদ্দেশ্য করে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেস ক্ষমতার আসার পর দলীয় অনুশাসনের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ দৃষ্টি দিয়েছেন। তাই সিন্ডিকেট, তোলাবাজি, গোষ্ঠী কোন্দল সহ বিভিন্ন বিষয় বন্ধ করতে বারবার মুখ্যমন্ত্রীকে সরব হতে দেখা যাচ্ছে।

রাজারহাট-বিধাননগরে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ঘটনা নতুন বিষয় নয়। এর মূল কারণ হিসাবে বারবার উঠে এসেছে সিন্ডিকেটের ভাগ নিয়ে বচসা। দলীয় ভাবমূর্তি কোনও নেতা বা নেত্রীর আচরণে খারাপ না হয় তার জন্য বিধাননগরের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী এবং ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি এদিন কাকলি ঘোষ দস্তিদার, সব্যসাচী দত্ত, সুজিত বসুকেও সতর্ক করে দলনেত্রী সাফ জানিয়ে দেন দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকলে পদ থেকেই সরিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার নানা সমস্যাগুলি দ্রুত মিটিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। আগামী দিনে সিন্ডিকেট, তোলাবাজি, গোষ্ঠীকোন্দলের মতো ঘটনা নিয়ে দল যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে না পড়ে তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ দৃষ্টি রেখে চলেছেন এমনটাই মত রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications