এক লক্ষ কৃষককে পেনশন দেবে তৃণমূল সরকার! মমতার ‘কল্পতরু’ বাজেটে টার্গেট গ্রাম
অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে যে সমস্ত প্রস্তাব পেশ করলেন, তাতে স্পষ্ট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামকেই টার্গেট করছেন। গ্রামের কৃষক ও মজুর শ্রেণির মানুষের জন্য তিনি দরাজ হস্ত হচ্ছেন এবার।
কৃষিতে কল্পতরু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে শেষ বাজেটে তৃণমূল সরকার কৃষকদের জন্য ঢালাও প্রকল্প ও সাহায্য ঘোষণা করল। অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে যে সমস্ত প্রস্তাব পেশ করলেন, তাতে স্পষ্ট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামকেই টার্গেট করছেন। গ্রামের কৃষক ও মজুর শ্রেণির মানুষের জন্য তিনি দরাজ হস্ত হচ্ছেন এবার।

কৃষি থেকে গৃহঋণ, বার্ধক্য ভাতা থেকে মিউটেশন বা চা শিল্পে আয়কর, সব ক্ষেত্রেই সুখবর দিয়ে গেলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এবারের এই বাজেট গ্রামের মানুষের কাছে আর্শীর্বাদ হয়ে আসতে চলেছে। গ্রাম বাংলার জন্য এদিন একাধিক প্রকল্প ঘোষণার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
অমিত মিত্র ঘোষণা করেছেন, কৃষকদের আর্থিক অসুবিধা দূর করার জন্য কৃষিজমির উপর মিউটেশন ফি মকুব করে দেওয়া হল। কৃষি জমি কৃষিকাজের জন্য কেনা হলেই এই মিউটেশন ফি মকুব করা হবে। এছাড়া কৃষির সহায়তার জন্য বিশেষ তহবিল গঠন করছে রাজ্য সরকার। সেই তহবিল থেকেই এবার কৃষকরা পেনশন পাবেন। আগে ৬৬ লক্ষ কৃষককে ৭৫০ টাকা করে ভাতা দিত রাজ্য সরকার, এবার এ ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
অমিত মিত্র জানিয়েছেন, এবার রাজ্যের ১ লক্ষ কৃষককে পেনশন দেবে রাজ্য। আর পেনশনের টাকাও বাড়ানো হচ্ছে। এক লক্ষ কৃষক এবার এক হাজার টাকা করে পেনশন পাবেন। সেইসঙ্গে গৃহনির্মাণের স্ট্যাম্প ডিউটিতেও ছাড় দেওয়া হচ্ছে। এক শতাংশ স্ট্যাম্প ডিউটি হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার। চা শিল্পেও কৃষি আয়কর তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এইন সিদ্ধান্তের ফলে ২৫ লক্ষ চা শ্রমিক উপকৃত হবেন। চা পাতা উৎপাদনের উপর শিক্ষা সেস ও গ্রামীণ কর্মসংস্থানের উপর সেসও সম্পূর্ণ তুলে দেওয়ার প্রস্তাব পেশ করা হয়েছে রাজ্যে বাজেটে। এদিন বাজেট ভাষণে এমনই জনমোহিনী প্রস্তাবে মাত করেছেন অর্থমন্ত্রী, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও কুড়িয়ে নিয়েছে। মমতা জানিয়েছেন, এই বাজেট আক্ষরিক অর্থেই মা-মাটি-মানুষের বাজেট।












Click it and Unblock the Notifications