মহুয়া মৈত্রের পাশে আছেন মমতা-অভিষেক? কতটা চাপ বাড়ছে তৃণমূলের?
সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে কি চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের অন্তরে? দলের তরফ থেকে কোনও বিবৃতি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে কি মহুয়ার পাশে দল নেই? এটা কি মহুয়ার একার লড়াই? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
দলের মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। এই ইস্যুতে কোনও কিছু বলার নেই। পরিষ্কার এই কথা জানিয়ে দিয়েছেন কুণাল। ফলে আগামী দিনে দলকে কতটা পাশে পাওয়া যাবে? তাই নিয়ে প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে।

এদিকে বিজেপির থেকে ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ আসতে চলেছে? তাই নিয়েও জোর চর্চা চলছে। সংসদ ভবনে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর সঙ্গে মহুয়ার আগে থেকেই পরিচয় ছিল। তার থেকে সাংসদ একাধিক সুযোগ-সুবিধা, উপহার নিয়েছেন। এই কথাও সামনে এসেছে।
পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট গুরুগম্ভীর। মহুয়া মৈত্র নিজেই ময়দানে নেমে পড়েছেন। একের পর এক টুইটে বিজেপির বিরুদ্ধে জোর সওয়াল করছেন তিনি। আগামী দিনে কী হবে? প্রশ্ন উঠছেই। দল মহুয়ার সঙ্গে কতটা রয়েছে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে চুপ রয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে তিনি দুর্গাপুজোর উদ্বোধন করে চলেছেন। মহুয়া মৈত্র বিতর্কে কোনওভাবে বক্তব্য রাখছেন না তৃণমূল সুপ্রিমো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে মহুয়া মৈত্রকে দেখা গিয়েছিল। দিল্লিতেও অভিযানে মহুয়া মৈত্র ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
তাহলে দলের প্রথম ও দ্বিতীয় নেতৃত্ব এই বিষয় সম্পর্কে মুখ ঘুরিয়ে থাকছেন? না কী পরিস্থিতির বিষয়ে জল মাপছে তৃণমূল কংগ্রেস। পুরো ঘটনা বিজেপির চক্রান্ত বলে নিজেকে নির্দোষ দাবি করছেন মহুয়া। তাহলে কি দল সময়ের জন্য অপেক্ষা করছে ?
সিবিআই তদন্ত হতে পারে এই ঘটনায়। মহুয়া মৈত্র নিজেই জানিয়েছেন, সিবিআই ডাকলে তিনি নিজেই পৌঁছে যাবেন তদন্তকারীদের কাছে। লোকসভার স্পিকার ওম বিড়লা এথিক্স কমিটিকে এই বিষয়টি জানিয়েছেন। মহুয়ায় বিরুদ্ধে ওঠা অভিয়োগ খতিয়ে দেখতে বলা হয়েছে। এথিক্স কমিটি ডাকলে মহুয়া সেখানে যাবেন। সেকথাও সাংসদ জানাচ্ছেন।












Click it and Unblock the Notifications