SIR বিতর্কে রাজনৈতিক উত্তাপ! নির্বাচন কমিশনকে 'তুঘলকি' তকমা মমতার, কী দাবি তাঁর?
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্বাচন কমিশনকে 'তুঘলকি কমিশন' বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ যে, রাজ্যে চলা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে অকারণেই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৫ ফেব্রুয়ারির চিঠিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (Election Commission of India) রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে সাত জন আধিকারিকের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেয়। রাজ্য সরকার তাঁদের সাসপেন্ড করে দেয় এবং কমিশনের নির্দেশেই পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়ে যায়। এর আগেও এই নিয়ে কমিশন এবং রাজ্যের মধ্যে একাধিকবার চিঠি চালাচালি হয়েছে, দু'বার মুখ্যসচিবকে তলবও করা হয়েছিল।
মুখ্যমন্ত্রীর মমতার দাবি যে, কমিশনের চাপে রাজ্যকে ব্যবস্থা নিতে হয়েছে। তবে সাসপেন্ড হওয়া আধিকারিকদের পাশে সরকার রয়েছে। তাঁদের অন্য দায়িত্বে কাজে লাগানো হবে। তিনি অভিযোগ করেছন যে, কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দেশে কাজ করছে এবং সেইসঙ্গে গণতান্ত্রিক কাঠামোয় হস্তক্ষেপও করছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে কয়েকজন জেলাশাসকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাঁর বক্তব্য যে, আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে।
এসআইআর (SIR) প্রক্রিয়ায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। সেইসঙ্গে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা এবং ভোটারদের বৈধ নথি গ্রহণ না করার অভিযোগও তোলেন।
এর আগেও তৃণমূল প্রতিনিধি দল নিয়ে দিল্লিতে গিয়ে সিইসি-র সঙ্গে বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা যে, প্রকৃত ভোটারদের নাম বাদ না দিয়ে ভোটার তালিকা তৈরি করতে হবে, শেষ কথা বলবেন মানুষই।












Click it and Unblock the Notifications