করোনা সংক্রমণ রুখতে নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যকর্মীদের কী বার্তা দিলেন মমতা
করোনা সংক্রমণ রুখতে রাজ্যের স্বাস্থ্যকর্মীদের নয়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা সংক্রমণ রুখতে রাজ্যের স্বাস্থ্যকর্মীদের নয়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত থাকা স্বাস্থ্যকর্মীরা যেন বাড়ি না ফেরেন। প্রতিদিন তাঁরা বাড়ি ফিরে গেলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। সেকারণেই এই সাবধানতা অবলম্বন করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যকর্মীদের বার্তা
রাজ্যের স্বাস্থ্যকর্মীদের অনেকেই ইতিমধ্যে করোনা ভাইরােস আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যকর্মীদের বাড়িতে না ফেরার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অনুরোধ করেছেন যাঁরা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন তাঁরা যেন প্রতিদিন ডিউটি শেষ করে বাড়ি না ফেরেন বা বাড়ি থেকে ডিউটি করতে না আসেন। এতে কিছুটা হলেও সংক্রমণের আশঙ্কা দূর করা যাবে।

সাতদিন কাজে সাতদিন ছুটি
আগেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের বিশ্রামের কথা মাথায় রেখে সাতদিনের শিফটের কথা বলেছেন। তিনি ঘোষণা করেছিলেন টানা সাতদিন কাজ করলে পরের সাতদিন ছুটি পাবেন স্বাস্থ্যকর্মীরা। অর্থাৎ টানা সাতদিন ছুটি কাটাতে পারবেন তাঁরা। কিন্তু রাজ্যে যে হারে চিকিৎসক এবং নার্সরা করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে পড়ছেন তাতে টানা সাতদিন ডিউটি করা গেলেও টানা সাতদিন স্বাস্থ্যকর্মীদের ছুটি দেওয়া যাবে কিনা এই নিয়ে সংশয় দেখা দিয়েছে।

স্বাস্থ্যকর্মীদের থাকার বন্দোবস্ত
রাজ্যের স্বাস্থ্যকর্মীরা বাড়ি না ফিরলে কোথায় থাকবেন তার সুবন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যর সব হাসপাতাল কর্তৃপক্ষ, সিএমওএইচদের দ্রুত স্বাস্থ্যকর্মীদের থাকা এবং খাওয়ার পৃথক বন্দোবস্ত করতে বলেছেন তিনি। এবং স্বাস্থ্যকর্মীদের নিজনিজ কর্মক্ষেত্রের কাছেই থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করতে হবে বলে জানিয়েছেন তিনি












Click it and Unblock the Notifications