Mamata On INDIA Bloc: ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতাকে চান অনেকেই, মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী
Mamata On INDIA Bloc: মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য। তা নিয়েই সরগরম দেশের রাজনীতি। কংগ্রেস নারাজ হলেও ইন্ডিয়া জোটের অনেকেই নেতৃত্বে বদল চাইছে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি-বিরোধী জোটের নেতৃত্বে আনার পক্ষে সওয়াল করেছেন লালুপ্রসাদ যাদব, শরদ পওয়াররাও। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন মমতা।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে মমতা ইন্ডিয়া জোটের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছি। কিন্তু যাঁরা চালানোর দায়িত্বে রয়েছেন তাঁরা ঠিকমতো চালাতে না পারলে আমার কী করার আছে?
জোটের সব শরিককে সমান মর্যাদা দিয়ে চলার উপর জোর দিয়ে মমতা আরও জানান, তিনি বাংলাতেই থাকতে চান। বাংলা ছেড়ে কোথাও যেতে চান না। তবে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেলে তিনি বাংলায় বসেই ইন্ডিয়া জোট চালিয়ে দিতে পারবেন। সব শরিকদের সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো।
এরপরই ইন্ডিয়া জোটের অনেক দল প্রকাশ্যে জানায় তারা মমতার নেতৃত্ব মানতে রাজি। আজ দিঘায় মমতা বলেন, যাঁরা আমাকে সম্মান জানিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞ। তাঁদের সুস্বাস্থ্য কামনা করি। তাঁদের দলও ভালো চলুক। আমি চাই ইন্ডিয়াও ভালোভাবে চলুক।
ইতিমধ্যেই এনসিপি (এসপি) প্রধান শরদ পওয়ার জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জোটকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যোগ্য। আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদব বলেছেন, ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতাকেই আনা উচিত। একই মত পোষণ করেছেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির রাজ্যসভার সাংসদ বিজয়সাই রেড্ডি।
বিহারে সরকার বদলের বিষয়ে আশাবাদী লালু। তবে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, লালুর মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ২০২৬ সালে পশ্চিমবঙ্গের ভোটের কথা ভেবেই। লালু সে কারণে মমতাকে হাইলাইট করতে চাইছেন। তবে ২০২৬-এর ভোটে মমতা হারবেন, রাহুল গান্ধীর দলও ফের হারবে।












Click it and Unblock the Notifications