'SIR প্রক্রিয়ায় রাজ্যভেদে আলাদা আলাদা নিয়ম!' একাধিক অভিযোগ তুলে জ্ঞানেশকে চিঠি লিখলেন মমতা
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা SIR প্রক্রিয়া নিয়ে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সাড়ে তিন পাতার একটি চিঠি পাঠিয়েছেন তিনি। পাঠানো সেই চিঠিতে তিনি অনেক অনিয়মের অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রীর আশঙ্কা যে, এই সমস্যাগুলি যদি তাড়াতাড়ি সমাধান না হয় তাহলে অনেক বৈধ ভোটার নিজেদের ভোটাধিকার হারাতে পারেন, যা ভবিষ্যতের জন্য বড় ক্ষতির কারণ হয়ে উঠবে।

SIR সম্পর্কে মুখ্যমন্ত্রীর এটি তৃতীয় চিঠি। এর আগেও ২০ নভেম্বর এবং ২ ডিসেম্বর তিনি কমিশনের কাছে এই একই বিষয় তুলে ধরেছিলেন। চিঠিতে মমতা অভিযোগ করেছিলেন যে, SIR প্রক্রিয়ায় রাজ্যভেদে আলাদা আলাদা নিয়ম মানা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বিহার এবং পশ্চিমবঙ্গের কথাও উল্লেখ করেছেন। তাঁর দাবি, বিহারে ফ্যামিলি রেজিস্টারকে পরিচয়পত্র হিসেবে মেনে নেওয়া হলেও বাংলায় তা গ্রহণ করা হচ্ছে না। এমনকি এই নির্দেশ কোনও লিখিত বিজ্ঞপ্তি ছাড়াই হোয়াটসঅ্যাপ মারফতও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ যে, নির্বাচন কমিশন নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমে নতুন নির্দেশ দিচ্ছে, যা অনেক সময় একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। তিনি জানিয়েছেন যে, এর ফলে মাঠপর্যায়েও বিভ্রান্তি তৈরি হচ্ছে।
চিঠিতে তিনি আরও অভিযোগ করেছেন যে, নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের বিনা অনুমতিতেই আইটি সিস্টেম ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে, ইআরও-র অজান্তে এই কাজ করা যায় না বলেও তিনি উল্লেখ করেছেন তিনি। যদি কোনও অনিয়ম হয় তাহলে তার দায় কমিশনকেই নিতে হবে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।
শুনানি প্রক্রিয়া নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর দাবি যে, ভোটারদের নির্দিষ্ট কারণ না জানিয়েই শুনানির জন্য ডাকা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। নামের বানান অথবা বয়সে সামান্য ভুল থাকলেই হেনস্থার অভিযোগ উঠে আসছে। এমনকি শুনানির সময় কোন কোন নথি লাগবে, তাও আগে থেকে জানানো হচ্ছে না।
শুনানি কেন্দ্রে বুথ লেভেল এজেন্টদের ঢুকতে না দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, বাড়ি বাড়ি সমীক্ষার সময় বুথ লেভেল এজেন্টরা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। অথচ শুনানির সময় এঁদেরই বাদ দেওয়া হয়েছে। এতে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উঠছে প্রশ্ন।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ যে, কোনও প্রস্তুতি ছাড়াই SIR প্রক্রিয়া শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, এমনকি মাইক্রো-অবজার্ভারদেরও অভিজ্ঞতার অনেক অভাব রয়েছে। রাজ্য প্রশাসনের সঙ্গে কোনোরকমের সমন্বয় না করেই এই কাজ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications