নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় প্রশ্ন, বয়ালকাণ্ডের পর সুদীপ জৈনকে কড়া চিঠি মমতার
নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় প্রশ্ন, বয়ালকাণ্ডের পর সুদীপ জৈনকে কড়া চিঠি মমতার
দ্বিতীয় দফার ভোটে নজিরবিহীন ঘটনা ঘটেছে নন্দীগ্রামে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বয়াল থেকে ফিরেই ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে কড়া চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিভিন্ন বুথের ভেতরে ঢুকে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটার কার্ড না থাকলে অন্য পরিচয় পত্র দেখে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীকে পরিচয়পত্র দেখার এই অধিকার কে দিল। এই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন মমতা।

সুদীপ জৈনকে চিঠি মমতার
নন্দীগ্রামের বয়ালের ৭ নম্বর বুথ থেকে বেরিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে কড়া ভাষায় িচঠি লিখেছেন।চিঠিতে মমতা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন বুথের ভেতরে ঢুকে পড়েছেন। ভোটারকার্ড ছাড়া অন্য পরিচয় পত্র দেখে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীকে এই অধিকার কে দিল। ভোটার কার্ড দেখার অধিকার প্রিসাইডিং অফিসারের থাকে সেখানে কেন্দ্রীয় বাহিনী এটা কীভাবে করল বলে প্রশ্ন তুলেছেন মমতা।

বয়ালে উত্তেজনা
নন্দীগ্রামে দুপুর থেকেই বয়াল ২ ও ৭ নম্বর বুথে তুমুল উত্তেজনা শুরু হয়। বয়াল ৭ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠতে শুরু করে। তৃণমূল কংগ্রেসের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়। তাঁদের কর্মী সমর্থকদের বুথে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। প্রায় সংঘর্ষ বেধে যাওয়ার উপরক্রম হয়েছিল বয়ালে। রাজ্য পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বয়ালে বুথে মমতা
বয়ালের ৭ নম্বর বুথের পরিস্থিতি খতিয়ে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বুথের ভেতরে প্রায় ২ ঘণ্টা ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁকে দেখে বুথের বাইরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। বুথের ১০০ মিটারের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয় বয়ালে। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছন নন্দীগ্রামের পুলিশ অবজারভার নগেন্দ্র ত্রিপাঠী। তিনি বুথের ভেতরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বুথের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। কেন এমন হল জানতে চান। ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন নগেন্দ্র ত্রিপাঠী। তার পরে নজির বিহীন নিরাপত্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়াল থেকে বের করে আনা হয়।

নির্বাচন কমিশনকে নিশানা
বয়ালে বুথের বাইরে বেরিেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করছে নন্দীগ্রামে। প্রায় ৬৩টি অভিযোগ তিনি নির্বাচন কমিশনে জানিয়েছেন। কিন্তু কোনও কাজ হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে তিনি আদালতে যাবেন বলেও হুঙ্কার দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বুথকে সুরক্ষিত না করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপির হয়ে কাজ করছিলেন।












Click it and Unblock the Notifications