মাস্টারস্ট্রোকে পাঁচে ৫ তৃণমূল কংগ্রেসের, মুকুল-অর্জুনের গড়ে চ্যালেঞ্জ জিতলেন মমতা
মাস্টারস্ট্রোকে পাঁচে পাঁচ তৃণমূল কংগ্রেস, মুকুল-অর্জুনের গড়ে চ্যালেঞ্জ জিতলেন মমতা
লোকসভার পর তৃণমূল কংগ্রেসের হাত থেকে অর্জুন সিং আর মুকুল রায়ের এলাকার পাঁচ-পাঁচটি পুরসভা কেড়ে নিয়েছিল বিজেপি। তার চারটির পুর্নদখল আগেই হয়ে গিয়েছিল। মঙ্গলবার অর্জুনের খাস তালুক থেকে ভাটপাড়া পুরসভা দখল করে পাঁচে পাঁচ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি মুকুল-অর্জুনের বিরুদ্ধে চ্যালেঞ্জও জিতে নিলেন।

পাঁচে ৫-এর লক্ষ্যে সফল তৃণমূল
তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের পর থেকেই পাঁচে ৫-এর লক্ষ্যে ছুটছিল। সেই চ্যালেঞ্জ জিতে মুকুল রায় ও অর্জুন সিংকে একইসঙ্গে মাত দিল তৃণমূল কংগ্রেস। প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়ে বিজেপিকে পাল্টা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক-নির্মল ঘোষরা। বিজেপির বাড়বাড়ন্ত রুখে তৃণমূল মুকুল-অর্জুনদের জেলায় সমস্ত পুরসভাই পুনর্দখল করে নিল।

অর্জুনের পুরসভায় লক্ষ্যভেদ তৃণমূলের
লোকসভা ভোটের পর উত্তর ২৪ পরগনার মুকুল-গড়ে কাঁচরাপাড়া-নৈহাটি থেকে শুরু করে অর্জুনের এলাকায় ভাটপাড়া-গারুলিয়া এবং এই জেলারই বনগাঁ পুরসভা তৃণমূলের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। চারটি পুনর্দখলের পর তৃণমূলের লক্ষ্যে ছিল অর্জুনের পুরসভা। সেই পুরসভায় লক্ষ্যবেদে অবশেষে সফল হল তারা। মঙ্গলবার বিজেপিকে সরিয়ে ফের ভাটপাড়া পুরসভার দখল নিল তৃণমূল।

মুকুল-অর্জুনের হাত শূন্য
লোকসভা ভোটে বিজেপির টিকিটে অর্জুন সিং বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জেতার পর উত্তর ২৪ পরগনা জেলায় একের পর এক পুরসভা হাতছাড়া হতে শুরু করে তৃণমূলের। মুকুল রায় দিল্লিতে নিয়ে গিয়ে পুরসভার কাউন্সিলরদের যোগদান করান বিজেপিতে। পাঁচ পুরসভায় সংখ্যাগুরু হয়ে যায় বিজেপি। তিনমাস পর থেকেই উলট পুরান শুরু হয়। ছ-মাসের মধ্যে বিজেপির হাত ফাঁকা।

যে পাঁচ পুরসভা এল তৃণমূলের হাতে
উত্তর ২৪ পরগনা জেলার পাঁচটি পুরসভার মধ্যে বনগাঁ, কাঁচরাপাড়া, গারুলিয়া, নৈহাটির পর ভাটপাড়াও পুনরায় তৃণমূলের দখলে চলে এল। পাঁচটি পুরসভাতেই ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হল বিজেপি। একটি পুরসভাতেও আস্থা ভোটে জিততে না পেরে মুখ পোড়ে মুকুল রায়, অর্জুন সিংদের।

অর্জুন চুপ, গর্জালেন সায়ন্তন
আর তারপর সায়ন্তন বসু গর্জে ওঠেন তৃণমূলের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, তৃণমূল পুলিশ দিয়ে তৃণমূল ছেড়ে আসা কাউন্সিলরদের উপর অসম্ভব চাপ সৃষ্টি করছিল। তাই এই পুরসভা তাঁদের হাতছাড়া হয়। কিন্তু বেশি দিন নয়। আর মাসখানেক সময় আছে, তারপর ভোট। তৃণমূল এই একমাস আনন্দ করে নিক।

মানুষের ভোটে জিতবে বিজেপি!
তাঁর দাবি, এবার আমরা মানুষের ভোটে এই পুরসভা দখল করব। শুধু ভাটপাড়া নয়, আমরা বারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত পুরসভাতেই জিতব। আমরা এ ব্যাপারে আত্মবিশ্বাসী। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জারিজুরি আর খাটবে না। রাজ্যের সিংহভাগ পুরসভা আমরাই দখল করব।












Click it and Unblock the Notifications