Mamata Banerjee: বিশেষ এক বৈঠকে যোগ দিতে হঠাৎ দিল্লি সফরে মমতা, চড়ছে জল্পনার পারদ
Mamata Banerjee: বকেয়ার দাবিতে ফের একবার রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার থেকে রেড রোডে দুদিনের ধর্নায় বসবেন তিনি। টানা ৪৮ ঘণ্টা ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী থাকবেন বলে নিজেই জানিয়েছেন। কলকাতার পাশাপাশি প্রত্যেক জেলাতেও তৃণমূলের তরফে মিছিল করা হবে।
ভোটের আগে তৃণমূল নেত্রীর এহেন কর্মসূচি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বকেয়া নিয়ে পালটা তৃণমূলকে (Mamata Banerjee) একহাত নিয়েছে বিজেপি। তৃণমূলের দুর্নীতির জন্যেই রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে বলে দাবি সুকান্ত মজুমদারের।

তবে তাৎপর্যপূর্ণ ভাবে ৪৮ ঘণ্টার ধর্না শেষ করেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনটাই জোর গুঞ্জন। যা খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি দিল্লি যাবেন তিনি। কিন্তু হঠাত কেন মুখ্যমন্ত্রীর দিল্লি সফর সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
তবে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বৈঠক রয়েছে বলে দাবি তৃণমূলের। তবে তা কার সঙ্গে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। এমনকি নবান্নের তরফেও এখনও কিছু জানানো হয়নি। ফলে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর দিল্লি সফর ঘিরে শুরু হয়েছে সাসপেন্স।
তবে সুত্রের কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। আগামী কয়েকদিন ধরে সংসদে বাজেট অধিবেশন চলবে। অধিবেশনে রয়েছেন তৃণমূল সাংসদরা। এই অবস্থায় তাঁদের সঙ্গে দিল্লিতে গিয়ে বসতে পারেন মুখ্যমন্ত্রী।
বিশেষ করে বকেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জবাব চেয়ে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী বকেয়া না মেটানোর বিষয়ে ক্যাগ রিপোর্টের উল্লেখ করেছেন। আর সেই রিপোর্টকে হাতিয়ার করেই তৃণমূলকে আক্রমণ করছেন বিজেপি নেতারা।
এই অবস্থায় তৃণমূলের রণকৌশল কি হবে তা নিয়ে সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা করতে পারে বলে খবর। অন্যদিকে বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। এই যাত্রায় উপস্থিত থাকার জন্যে তৃণমূল সুপ্রিমোকে আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস হাইকমাণ্ড।
যদিও কোনও আমন্ত্রণ পাননি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এরপরেও বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের কথা বলছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এই সংক্রান্ত দিল্লিতে কোনও বৈঠক হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে বিধানসভা বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেদিন দুপুরে অধিবেশন শেষে মন্ত্রিসভার বৈঠক করবেন। এমনকি ছয় তারিখ দুপুর পর্যন্ত বিধানসভার অধিবেশনে থাকবেন। আর এরপরেই দিল্লি উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে কি হয় সেদিকেই নজর থাকবে রাজ্যের মানুষের।












Click it and Unblock the Notifications