তৃণমূলে কি ফেরানো হবে দলবদলু বিজেপি নেতাদের! কী সিদ্ধান্ত হল ওয়ার্কিং কমিটির বৈঠকে
২০২১-এর বিধানসভা নির্বাচনে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তিনবার রাজ্যের কুর্সি দখল করেছেন তিনি। তারপর থেকেই দলবদলু নেতারা ভুল স্বীকার করে তৃণমূলে ফিরতে চাইছেন।
২০২১-এর বিধানসভা নির্বাচনে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তিনবার রাজ্যের কুর্সি দখল করেছেন তিনি। তারপর থেকেই দলবদলু নেতারা ভুল স্বীকার করে তৃণমূলে ফিরতে চাইছেন। কিন্তু তৃণমূল কি তাঁদের দলে ফিরিয়ে নেবেন আবার, ওয়ার্কিং কমিটির বৈঠকের পরও বল মমতার কোর্টেই রইল।

দলবদলুদের নিয়ে কী সিদ্ধান্ত তৃণমূলের
শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে তৃণমূলের সংগঠনের গুরুত্বপূর্ণ রদবদল হয়। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোনীত হওয়া এবং তাঁর জায়গায় সায়নী ঘোষের মনোনয়ন পাওয়া। সেইসঙ্গে দলের নিয়ম-শৃঙ্খলা নিয়েও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলবদলুদের নিয়ে কী সিদ্ধান্ত হবে, তা অস্পষ্ট রয়েই গেল।

একটার পর একটা আবেদন আসতে শুরু করেছে যখন
একুশের বিধানসভা নির্বাচনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন- আসুক না, কে বারণ করেছে। এলে স্বাগত। এরপরই সাড়া পড়ে যায় রাজনৈতিক মহল। এবং নতুন সরকার গঠনের পর থেকেই একটার পর একটা আবেদন আসতে শুরু করে। কেউ সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি দেন, কেউ রাজ্য নেতৃত্বকে চিঠি লিখে ফেরার আবেদন জানান। কেউ লেখেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন
তাই দলবদলুদের নিয়ে কী সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। কিন্তু মিটিং থেকে তেমন কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি তৃণমূল। তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়, পুরো ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করে রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলবদলুদের দলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে।

দলবদলুদের নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বার্তা
এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা সদ্য মনোনীত রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, যা সিদ্ধান্ত নেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নেবেন। আমরা শুধু এটুকু বলতে পারি, বিজেপির ভঙ্গুর অবস্থা। বিজেপির বিরাট অংশ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। তাঁদের মধ্যে কাদের তৃণমূলে নেওয়া হবে, তা নেত্রী ঠিক করবেন।

দল ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে অনেকে, অনেকে বেসুরো
ইতিমধ্যে সোনালি গুহ, সরলা মুর্মু, অমল আচার্য, দীপেন্দু বিশ্বাসরা তৃণমূলে ফিরতে মরিয়া হয়ে চিঠি লিখেছেন। বিজেপির সংখ্যালঘু মোর্চার অনেক নেতা দল ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। জল্পনা চলছে মুকুল রায়, শুভ্রাংশু রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র খাঁ, সব্যসাচী দত্তদের নিয়েও। এ প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দলে যাঁরা ফিরতে চাইছেন, তাঁদের নিয়ে সিদ্ধান্ত নেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।












Click it and Unblock the Notifications