ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা, পরপর একাধিক প্রশাসনিক বৈঠক
ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পরপরই উত্তরবঙ্গ ভয়াবহ বন্যা ও ভূমিধসের শিকার হয়েছিল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর কার্নিভাল শেষ করে দ্রুত উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন দুর্যোগ পরিস্থিতি তদারকির জন্য। সে সময় তিনি জানিয়েছিলেন, অল্প সময়ের ব্যবধানেই আবার তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসবেন।
সেই কথা রাখতে, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। তিনি দমদম বিমানবন্দর থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন। বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সরাসরি উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় যাবেন। সেখানে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বন্যা ও ভূমিধসে ক্ষতি অনেকটাই হয়েছে। সেখানকার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সশরীরে ও ভার্চুয়ালি দুইভাবেই যোগ দেবেন প্রতিনিধিরা।
বন্যা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সেগুলি নিয়েই তিনি জেলাশাসক ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।












Click it and Unblock the Notifications