করোনার জেরে মাঝপথে ভোট বন্ধের আশঙ্কা, বিজেপিকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন মমতা
করোনার জেরে মাঝপথে ভোট বন্ধের আশঙ্কা, বিজেপিকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন মমতা
দেশের করোনা (coronavirus) পরিস্থিতি সংকটজনক। রাজ্যে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতিতে সবে দু-দফার ভোট শেষ হয়েছে। এখনও বাকি ছয় দফা। সেই পরিস্থিতিতে রাজ্যে আটদফা ভোট নিয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ।

বাংলার করোনা পরিস্থিতি
বাংলায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা এদিন দুহাজার পার হয়ে যাবে বলেই আশঙ্কা। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৯৫৭। আর গত একসপ্তাহ ধরে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার ৬২৮, বুধবার ৯৮২, বৃহস্পতিবার ১২৭৪, শুক্রবার ১৭৩৩, শনিবার ১৭৩৬ জন আক্রান্ত হয়েছিলেন। সংক্রমণের নিরিখের কলকাতা আর উত্তর ২৪ পরগনার সঙ্গে খারাপ পরিস্থিতি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনার। প্রতিদিনই কমছে সুস্থতার হার। স্বাস্থ্য সচেতন নন বেশিরভাগ মানুষজন। ৮০ শতাংশ মানুষের মুখে নেই মাস্ক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভা করেন হুগলির চুঁচুড়ায়। সেই সভা থেকে তিনি বলেন, করোনা পরিস্থিতির কথা চিন্তা করে ভোট টা কি তিন থেকে চার দফায় নেওয়া যেত না। তিনি বলেন, এখনও বাকি রয়েছে ছয় দফা। করোনা পরিস্থিতি দেখিয়ে যদি ভোট বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে তা মানা হবে না বলে জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, খেলা যখন শুরু হয়েছে, তা শেষ করতে হবে।

তোমরা চাও, মানুষ মরুক
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন রাজ্যের সবাইকে বিনামূল্যে টিকাকরণের জন্য তিনি কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনে আমল দেওয়া হয়নি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি চিঠি লিখেছিলেন। বলেছিলেন রাজ্যের সবাইকে বিনামূল্যে টিকা দেবেন। তার জন্য যত টাকা লাগে দেবেন। কিন্ত কেন্দ্র দেয়নি। বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, তোমরা চাও, মানুষ মারা যাক।

লকেট চট্টোপাধ্যায়কে নিশানা
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে নিশানা করেন। বিজেপি প্রার্থীর সঙ্গে সারদা-রোজভ্যালির যোগের অভিযোগ করেছেন তিনি। কটাক্ষ করে তিনি বলেছেন, লকেটকে নিয়ে আর নতুন করে কী বলবেন, ও তো সারদাদের গলার লকেট। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি প্রার্থী নেই বলে সাংসদকে বিধানসভায় প্রার্থী করতে হচ্ছে।












Click it and Unblock the Notifications