Mamata Banerjee: বিজেপিকে দেশদ্রোহী নিশানা, মণিপুর ইস্যুতে বিধানসভায় ‘ইন্ডিয়া’ দেখালেন মমতা
মণিপুরের আঁচ এবার বাংলার বিধানসভায়। মণিপুর ইস্যুতে রাজ্য বিধানসভায় নিন্দাপ্রস্তাব এনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করলেন বিজেপিকে। তিনি বিধানসভায় আলোচনা করতে চেয়েছিলেন, বিজেপি সম্মত না হওয়ায় তিনি তির ছুড়লেন প্রধানমন্ত্রী মোদী থেকে বিরোধী দলনেতা শুভেন্দুর দিকে।
মণিপুর নিয়ে নিন্দাপ্রস্তাবের পরই বিজেপি হই-হট্টগোল শুরু করায় পাল্টা আক্রমণের রাস্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মণিপুরকে ধ্বংস করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। মণিপুর সামলাতে শোচনীয় ব্যর্থ প্রধানমন্ত্রী। তিনি বিদেশে যেতে পারেন, মণিপুরে যান না। মণিপুর নিয়ে তিনি নীরব।

এরপরই তিনি মণিপুর নিয়ে কেন্দ্রের সরকারকে চ্যালেঞ্জ করে বলেন, আপনারা যদি মণিপুর শান্ত করতে না পারেন, আমাদের দায়িত্ব দিন। আমরা মণিপুরকে শান্ত করে দেখিয়ে দেব। যাঁরা মণিপুর নিয়ে আলোচনা চাইছেন না, আলোচনায় বাধা দিচ্ছেন তাঁরা আসলে দেশদ্রোহী।
মণিপুর নিয়ে আলোচনায় বিজেপির বাধাদানের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ভেবেছিলাম আলোচনা করব, কিন্তু বিজেপি আলোচনা চায় না। ওরা চায় মণিপুরকে শেষ করে দিতে। তাই মণিপুর নিয়ে কোনও হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। কোনও কথা নই প্রধানমন্ত্রীর।
মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বিজেপিকে নিশানায় বলেন, বাংলায় ১০৭টি টিম পাঠিয়েছে বিজেপি। আর আমরা মাত্র ১টি টিম পাঠিয়েছি মণিপুরে। একটি ইঁদুর কামড়ালেই আপনারা টিম পাঠিয়ে দেন। আর আমাদের একটা টিম যেতেই গাত্রদাহ হচ্ছে। তিনি বলেন, আমরা মণিপুরের পাশে আছি।
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ইন্ডিয়া এবার ক্ষমতায় আসবে। দেখব আপনারা কীভাবে কাজ করেন। তারপরই তিনি নিশানা করেন বিরোধী দলনেতাকে। মমতা বলেন, দুদিন বিজেপিতে এসেই প্রতিদিন বাংলার সংস্কৃতিকে অপমান করছেন। বেশি জ্ঞান দেবেন না।
উল্লেখ্য, এদিন মণিপুর নিয়ে তৃণমূল নিন্দাপ্রস্তাব আনলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার প্রশ্ন তোলেন, অন্য রাজ্যের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই রাজ্যের বিধানসভায় আলোচনা কেন? এই পরিস্থিতিতে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন। বলেন, সুপ্রিম কোর্টে তিনি জানতে চাইবেন, এটা করা যায় কি না!
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, বাংলার দিকে না তাকিয়ে আপনি সদূর মণিপুরের দিকে তাকাচ্ছেন। আর কতদিন অপমানিত হবেন বাংলার মহিলারা? তবে কি বাংলায় মহিলাদের উপর অত্যাচার নিয়ে উত্তরপ্রদেশ ও অন্যান্য বিজেপিশাসিত রাজ্যে আলোচনা হবে! সেটা কি রাজ্যের পক্ষে সুখকর হবে!












Click it and Unblock the Notifications