বিনাশকালে বুদ্ধিনাশ বিজেপির! বাবুল-রা কি খারাপ হয়ে গেল, খোঁচা মমতার
কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে বাংলার দুই কেন্দ্রীয়মন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছে। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর স্থান হয়নি মোদীর ক্যাবিনেটে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে বাংলার দুই কেন্দ্রীয়মন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছে। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর স্থান হয়নি মোদীর ক্যাবিনেটে। বাংলা থেকে চার মন্ত্রী শপথ নিচ্ছেন ঠিকই, কিন্তু দুই মন্ত্রীর বাদ পড়া নিয়ে বিজেপির অন্দরেও ক্ষোভ বিস্তর। এবার তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খোঁচা দিতে ছাড়লেন না।

কাকে ঘাড় ধাক্কা দেবে, সেটা ওদের ব্যাপার
কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে মমতা বলেন, কী কারণে এখন রদবদল হচ্ছে জানি না। এটা ওদের একেবরে নিজস্ব সিদ্ধান্ত। কাকে মন্ত্রী করবে, কাকে করবে না, কাকে ঘাড় ধাক্কা দেবে, সেটা ওদের ব্যাপার। এখন বাবুল সুপ্রিয় আর রাজবংশী মহিলা সাংসদ খারাপ হয়ে গেলেন। আসলে ওদের বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে।

মানুষের কোনও কাজে লাগবে না যাঁরা
মমতা বলেন, বিজেপি যে সমস্ত মানুষকে নিয়ে এখন বাড়াবাড়ি করছে, তাঁরা মানুষের কোনও কাজে লাগবে না। আসলে বিজেপি মানুষের কথা ভাবে না। মানুষকে গুরুত্ব দেয় না। বিজেপি কেবল রাজনীতি করে। তা না হলে কোভিড সিচুয়েশনে এমন ধরনের রদবদল হত না। এত মন্ত্রীকে ইস্তফা দিতে হত না।

বিজেপি করোনাকে এতটুকু গুরুত্ব দেয়নি
শুধু বাংলার দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকেও ইস্তফা দিতে হয়েছে, তা নয়। মোদী-মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক-সহ অনেকে। এ প্রসঙ্গে মমতা বলেন, বিজেপি করোনাকে এতটুকু গুরুত্ব দেয়নি। দিলে দেশে সেকেন্ড ওয়েভ হত না। বিজেপি গুরুত্ব দিলে এতদিন দেশের মানুষ ভ্যাকসিন পেয়ে যেত।

নতুন করে একটি মন্ত্রক চালু, তবু বাদ
বুধবার মোদী মন্ত্রিসভায় নতুন করে স্থান পেতে চলেছে ৪৩ জন। নতুন করে একটি মন্ত্রক চালু হচ্ছে। মিনিস্ট্রি অফ কো-অপারেশন। সমবায় আন্দোলনকে মজবুত করতে এই মন্ত্রক সৃষ্টি করলেন নরেন্দ্র মোদী। তার পরেই একে একে ইস্তফার জোয়ার এল। বাংলা থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। বাবুল মোদীর প্রথম ক্যাবিনেটেও ছিলেন। ছিলেন দ্বিতীয় ক্যাবিনেটেও। আর দেবশ্রী দ্বিতীয় ক্যাবিনেটে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন।












Click it and Unblock the Notifications