মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী কথা বলছেন, সিএএ ইস্যুতে পালটা মন্তব্য নিশীথ প্রামাণিকের
মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী কথা বলছেন। এমনই কটাক্ষ করলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সোমবার ভারতবর্ষে সিএএ আইন চালু হয়েছে। নাগরিকত্ব আইন নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের তীব্র বিরোধিতা করেছেন। মানুষের পাশে তিনি রয়েছেন। কোনও ভাবেই পশ্চিমবঙ্গে এই আইন তিনি হতে দেবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় হাবরার জনসভা থেকে জোর গলায় এমনই বক্তব্য রেখেছেন। সিএএ - এর সঙ্গে এনআরসি যোগ রয়েছে। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হবে। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে সাধারণ মানুষকে। ভোটের আগে বিজেপি রাজনৈতিক ভাঁওতা দিচ্ছে। এমন কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা দিয়েছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নাগরিকত্ব সংশোধনী আইন সাংবিধানিক নিয়ম মেনেই হয়েছে। যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা থেকে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। আরও একবার এই কথাই দাবি করলেন নিশীথ প্রামাণিক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে। ভারতবর্ষের নাগরিক হিসেবে পরিচয় হারাবে বহু মানুষ। এই কথা মানতে নারাজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি জানাচ্ছেন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
এই ধরনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললে তিনি সংবিধানের অবমাননা করছেন। মুখ্যমন্ত্রী আইন মানছেন না। আইনকে না মানা মানে সংবিধানের অপব্যবহার করা। এদিন তিনি প্রশ্ন করেন , মতুয়া থেকে উদ্বাস্তু যারা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব দাবি করে আসছেন। তাদের কি বঞ্চিত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়?
এই আইন সাধারণ মানুষের কল্যাণের জন্য তৈরি হয়েছে। এই আইনের মাধ্যমে দেশের কোনও সাধারণ মানুষের নাগরিকত্ব যাবে না। ক্যামেরার সামনে এই কথা একাধিকবার জোর গলায় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
কোচবিহার কেন্দ্রে বিজেপির টিকিটে তিনি আবার প্রার্থী হয়েছেন। প্রচার শুরু করে দিয়েছেন নিশীথ প্রামাণিক। এদিন নটুয়ারপাড়া এলাকায় জন সংযোগ যাত্রায় সামিল হয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications