West Bengal Panchayat Election Results 2023: 'গণদেবতার জয়', সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতার
West Bengal Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচনে বড় জয় তৃণমূলের। কার্যত ধস বিজেপি সহ গোটা বিরোধী শিবিরে। গ্রাম বাংলায় তৃণমূলের এই জয় স্পষ্ট হতেই বাংলার মানুষকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়কে গণ দেবতার জয় বলে ব্যাখ্যা করেছেন তিনি।
পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে একের পর এক জেলাতে অশান্তির ঘটনা ঘটেছে। প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। যা নিয়ে শাসক-বিরোধী তরজা অব্যাহত।

আর এর মধ্যেই একের পর এক পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়জয়কার নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে শাসকদলকে। মানুষের রায় স্পষ্ট হতেই সোশ্যাল মিডিয়াতে মানুষকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
তিনি লিখছেন, '' গ্রাম বাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অদ্ভুতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ। এই জয় আমার প্রনাম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করলো, বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেস আসীন''।
অন্যদিকে মানুষকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একই সঙ্গে বিরোধী দলগুলিকেও একহাত নিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন, বিজেপি-সিপিএম-কংগ্রেসের জোটকে প্রত্যাখ্যান করেছে মানুষ। যাঁরা বলেছিলেন নো ভোট টু মমতা তাঁরা এখন বুঝতে পারছেন মানুষ তাঁদের ফিরিয়ে দিয়েছেন।
দলের এই জয়ের জন্য টুইট করে দলের নেতা কর্মী এবং রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বার্তা দিয়েছেন মানুষ তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে। এমনকী উত্তরবঙ্গ, জঙ্গলমহলেও কাজ করেনি বিজেপির প্রভাব।
আগামী ২১ জুলাই শহিদ দিবস পালন করবে তৃণমূল। প্রত্যেক বছরের মতো ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আগামী ২১ জুলাই বিজয় দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। সমস্ত জয়ী প্রার্থীরা উপস্থিত থাকতে পারেন অনুষ্ঠানে। ইতিমধ্যে সে বিষয়ে ভাবনা চিন্তাও শাসকদলের তরফে শুরু হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications