মমতার ‘শাসনে’ আপ্লুত বিমান! সৌজন্যের রাজনীতিতে অন্য সমীকরণের বাতাবরণ বাংলায়
মমতার ‘শাসনে’ আপ্লুত বিমান! সৌজন্যের রাজনীতিতে অন্য সমীকরণের বাতাবরণ বাংলায়
নিজেই ফোন করে মমতার সাক্ষাৎপ্রার্থী হয়েছিলেন বিমান বসু। কিন্তু নবান্নে গিয়ে যে এই অভিজ্ঞতা হবে বোঝেননি তিনি। বামফ্রন্ট চেয়ারম্যানকে কি না বকুনি খেতে হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে! আর মমতার এই 'শাসনে' সৌজন্যের এক নজির সৃষ্টি হল রাজ্য রাজনীতিতে। মমতার 'শাসনে' বিমান বসুর আপ্লুত হয়ে পড়ার ঘটনায় এক বেনজির সাক্ষী হয়ে রইল নবান্ন।

সৌজন্যের নজির বাংলার রাজনীতিতে
এমন সৌজন্যের নজির বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও দেখিয়েছেন। সেই অসুস্থ জ্যোতি বসুকে দেখতে যাওয়া থেকে শুরু করে ২০১১ সালের মমতার মুখ্যমন্ত্রী হিসেবে শপথের মঞ্চ হোক বা ২০১৪-য় নবান্নে ফিসফাই বৈঠক থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে দাঁড়ানো- সৌজন্যের নজির গড়েছে মমতা। কিন্তু এবার যেন এক বিশেষ নজির দেখাল সৌজন্যের রাজনীতি।

ঠিক কী ঘটেছিল নবান্নে
বিমান বসু বাম প্রতিনিধি দলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎপ্রার্থী হয়েছিলেন। করোনার আবহে মমতার পাশে থেকে লড়াইয়ের বার্তা দিতে গিয়েছিলেন। আর নবান্নের সভায় প্রবেশ করতেই মুখ্যমন্ত্রীর নজরে পড়লেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁকে দেখেই মমতা বলে ওঠেন- একি বিমানদা, আপনি মাস্ক পরেন না কেন? আপনার বয়স হয়েছে। এখন খুব সাবধানে থাকতে হবে।

যুযুধান দুই প্রতিপক্ষের কথোপকোথনে সৌজন্য
মমতার এ কথা শুনেই আহ্লাদে আটখানা হয়ে যান বিমান। একগাল হেসে দেন বামফ্রন্ট চেয়ারম্যান। কিন্তু মমতার রাগ তাতে থামল না। মমতা বলে উঠলেন- বিমানদা, আপনি খুব সাবধানে থাকুন। কোনও অসুবিধা হলে আমাকে জানাবেন। এরপর আবেগঘন গলায় বিমান বলে ওঠেন- তুমিও অনেক ছোটাছুটি করছ, তোমাকেও সাবধানে থাকতে হবে। এক অন্য পরিবেশ তৈরি হল যুযুধান দুই প্রতিপক্ষের কথোপকোথনে।

ফিসফ্রাইয়ে নয়া মমতা-বিমানের বৈঠক মাত সৌজন্যে
করোনা আতঙ্কে রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে নবান্নে এসেছিলেন বিমান বসুর নেতৃত্বাধীন বাম প্রতিনিধিরা। সেই পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে সদর্থক কথা হয়েছে। আর এই আলোচনায় বড় হয়ে উঠেছে মমতার সৌজন্য। না এবার আর ফিসফ্রাই খাওয়াননি বিমান বসুদের। লাল চা খাইয়েছেন। কিন্তু মমতার সৌজন্যে দেখে অভিভূত হয়েছে বিমান বসুরা।

রাজ্য রাজনীতি অন্য খাতে
বামেরা এখন শাসক থেকে বিরোধী। তাঁদের সেই আসনও টলমল ২০২১ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। বামেদের জায়গায় প্রধান বিরোধী হিসেবে উঠে এসেছে বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যের সঙ্গে এক আশ্চর্য রাজনৈতিক সৌজন্য তৈরি হল শাসক তৃণমূলের। মমতার সৌজন্যের নজিরে আগামী দিনে তাই নয়া সমীকরণ তৈরি হতে পারে রাজ্য রাজনীতিতে।












Click it and Unblock the Notifications