শান্তি ফেরাতে অশান্ত মণিপুরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়! অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি
একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে! সংঘাতে এখনও পর্যন্ত ৮০ জনেরও মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই অবস্থায় ইতিমধ্যে অশান্ত মণিপুরে গিয়েছেন অমিত শাহ। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সহ একাধিক কেন্দ্রীয় আধিকারিকরাও উড়ে গিয়েছেন মণিপুরে।
সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে বৈঠকও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সে রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে এবং শান্তি ফেরানোর উদ্যোগ নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে জন্যে অশান্ত মণিপুরে যেতেও চান তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, এই মর্মে কেন্দ্রের কাছে তিনি অনুমতি চাইবেন বলেও ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। The Telegraph -কে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি পরিস্থিতি যে সেখানে ভালো না সেই বার্তাও দিয়েছেন তিনি।
একই সঙ্গে যেভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে, চার্চে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সেই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় অশান্ত মণিপুরে যেতে চান বলেই ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এহেন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পাশাপাশি শান্তির বার্তাও দেবেন তিনি। আর এই মর্মে অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে চিঠিও লিখেছেন বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। যাতে সেনা তাঁকে মণিপুরে যেতে দেয়। মুখ্যমন্ত্রীর আশা, কেন্দ্র নিশ্চয় তাঁকে যেতে দেবে। প্রকাশিত খবর অনুযায়ী, মণিপুরের ঘটনার উপর কড়া নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কার্যত চাঞ্চল্যকর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, মণিপুরের মতো বাংলাতেও অশান্তি বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। জাতি দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। আর এজন্যে বিজেপিকেই দায়ি করেন তৃণমূল সুপ্রিমো। এই অবস্থায় শেষ মুহূর্তে তাঁকে মণিপুরে যাওয়ার সবুজ সঙ্কেত কেন্দ্র দেয় কিনা সেদিকেই নজর সবার।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী তার চারদিনের মণিপুর সফরে ইম্ফলে আসার পরই উত্তর-পূর্বের রাজ্যে নতুন করে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে। পাশাপাশি রাজ্যে সম্মিলিত কেন্দ্রীয় এবং রাজ্যের নিরাপত্তা বাহিনী গত ৪৮ ঘন্টায় রাজ্যে ৩০টিরও বেশি সন্দেহভাজন কুকি জঙ্গিকে গুলি করেছে৷

খবেইসোইতে সপ্তম মণিপুর রাইফেলস, দেউলাহানে দ্বিতীয় মণিপুর রাইফেলস এবং থৌবালের তৃতীয় ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে জনতা সমস্ত অস্ত্র ও গোলাবারুদ লুঠ করেছে বলে খবরে প্রকাশ।












Click it and Unblock the Notifications