Mamata Banerjee: মমতাকে না জানিয়েই সিদ্ধান্ত! “স্কুলে সেমেস্টার চলবে না,” ব্রাত্যকে কড়া ধমক মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সেমেস্টার পদ্ধতি (semester system) চালুর ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। অথচ সেই সিদ্ধান্তের কথা জানানোই হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) এনিয়ে কড়া ধমক দিলেন মমতা।
গত শুক্রবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Board Education) চেয়ারম্যান গৌতম পাল জানান, পড়ুয়াদের উপর চাপ কমাতে ও পড়াশোনায় উৎসাহী করতে ক্রেডিট পয়েন্ট সিস্টেম চালু হবে আগামী শিক্ষাবর্ষেই। এনিয়ে সাংবাদিক বৈঠকও সেরে ফেলেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন অবশ্য বলেন, এব্যাপারে তাঁকে না জানিয়েই সাংবাদিক বৈঠক করা হয়েছে। মানুষের কাছে সেই খবর পৌঁছেও গিয়েছে। সংবাদপত্রে খবর দেখে সিদ্ধান্তের কথা জানতে পারেন বলে দাবি মমতার। এরপরই প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কড়া ধমক মুখ্যমন্ত্রীর।
মমতা বলেন, "প্রাথমিকে সেমেস্টার চালুর কথা কাগজে দেখলাম। মুখ্যসচিবও জানতেন না। শিক্ষামন্ত্রী হয়ে সিদ্ধান্ত কোনও সিদ্ধান্ত নিলে তা আমাদেরকে জানাতে হবে।" ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রীর সিলমোহরের জন্য মুখ্যসচিবকে এব্যাপারে বলা হয়েছে। সাংবাদিক বৈঠকে কেন তাহলে আগে ঘোষণা করা হল, তা জানতে চান মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, "সেমেস্টার হবে না। চারজন মিলে সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল, সেটা হবে না। বাচ্চাদের কাঁধের ভার কমাতে চাই। ওইটুকু বাচ্চারা কথাই বলতে পারে না, তারা সেমেস্টার দেবে কী করে? কলেজে যা হয় তা স্কুলে হবে না। স্কুলে আগের মতোই শিক্ষাব্যবস্থা বহাল থাকবে। স্কুলে কোনও সেমেস্টার চলবে না। সংবাদমাধ্যমকে জানানোর আগে সরকারকে জানাতে হবে শিক্ষা সংক্রান্ত নতুন পলিসি।"
নবান্নের বৈঠক থেকে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকেও ধমক দিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বলেন, "পরিবহনমন্ত্রক নীরব মন্ত্রক হয়ে গেছে। কোথায় কোথায় বাসের সংখ্যা বাড়ানো যেতে পারে, মন্ত্রী কখনও নিজে গিয়ে দেখেছেন? আমার চোখে তো অনেক পড়েছে।" বাসের সংখ্যা কিছু বাড়ানো হয়েছে বলে জানান পরিবহন মন্ত্রী।
এরপরই ধমকের সুরে মমতা বলেন, "কিছু কথার অর্থ কী? কিছুর কোনও অর্থ হয় না। পরিবহন মন্ত্রী হয়ে মাথায় রাখতে হবে কিছু কথার কোনও অর্থ নেই। অফিস টাইমে আইটি সেক্টর বা হাসপাতালের সামনে ভিজিটিং আওয়ারসের পর খতিয়ে দেখতে হবে কোথায় কোথায় গণপরিবহনের সংখ্যা বাড়ানো যায়।" মন্ত্রীকে সশরীরে গিয়ে খতিয়ে দেখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications