তৃণমূল কংগ্রেস হল জনগণের পরিবার, বিজেপিকে ক্ষমতা থেকে হটানোর বার্তা মমতার
তৃণমূল কংগ্রেসের পরিবার হচ্ছে জনগণের পরিবার। তাই মানুষের পাশে থাকতে তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। এই লড়াই সেদিন থামবে, যেদিন বিজেপিকে রাজনৈতিকভাবে বের করতে পারব দেশ থেকে। তৃণমূল বিজেপিকে ভয় পায় না। তৃণমূলে নবজোয়ার আসছে বলে, বিজেপি ভয় পেয়েছে।
বাঁকুড়ার নবজোয়ার কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেন, অভিষেক তৃণমূল নবজোয়ার আনতে লড়াই চালাচ্ছে, তাতেই ভয় পেয়েছে বিজেপি। তাই ২৫ দিন ধরে রাস্তায় পড়ে থাকা ছেলেটাকে তলব করেছে সিবিআই। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিকভাবে বিজেপিকে বাংলা থেকে দূর করব। আমি একসময় সিপিএমের অত্যাচার দেখেছি। সেই অত্যচার থেকে আমরা শান্তি ফিরিয়ে এনেছি। যতদিন না বিজেপিকে ক্ষমতা থেকে সরাচ্ছি, আমাদের লড়াই চলবে। লড়াই চলতেই থাকব।
মমতা বলেন, কীভাবে নবজোয়ার কর্মসূচিতে বন্ধ করা যায়, বিজেপি সেই চেষ্টা করছে। বিজেপি মনে করছে, অভিষেকের পিছনে সিবিআই লেলিয়ে দিলেই তৃণমূলের নবজোয়ার বন্ধ হয়ে যাবে। কিন্তু না, তৃণমূলের নবজোয়ার বন্ধ হবে না। প্রয়োজনে আমি নবজোয়ার যাত্রায় অংশ নেব।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেকের কর্মসূচি আটকাতে পরিকল্পনা করে সিবিআইকে দিয়ে নোটিশ দিয়েছে। কিন্তু তৃণমূলের কর্মসূচি তাতে থমকে যাবে না। তৃণমূলের কর্মসূচি চলবে। অভিষেক সিবিআইয়ের মুখোমুখি হওয়ায় ব্যস্ত থাকবে, তাই আমি নিজে নবজোয়ারে নামব। ইডি, সিবিআই, এসব ভয় দেখিয়ে আমাকে লাভ নেই।

বিজেপিকে সাবধান করে দিয়ে তিনি বলেন, অভিষেককে আটকে দিলে আমি যাব। জেলায় জেলায় সভা করব। বিজেপিকে দেশছাড়া করেই আমি থামব। শনিবার নিজাম প্যালেসে অভিষেককে হাজিরা দিতে হবে তাই বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচিকে স্থগিত করে ফিরছে।
অভিষেক পাত্রসায়রে এদিন সভা করতে পারেননি। তা বলে পাত্রসায়রে সভা আটকে যায়নি। এদিমন কালীঘাট থেকে ভার্চুয়ালি সভা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন তৃণমূলের নবজোয়ার কর্মসূচির ব্যাপক সাফল্যের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করতে হবে। এদিন সেই অঙ্গীকার গ্রহণ করেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি এবার ামাকে রাস্তায় নামতে বাধ্য করল। এবার শেষ দেখে ছাড়ব। বাংলার মানুষই আমার শক্তি, তারাই জবাব দেবে বিজেপিকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত ২৫ দিন ধরে নবজোয়ার যাত্রা করে চলেছেন। রাস্তায় রাস্তায় কাটছে তাঁর। দিন-রাত জেগে বাংলার মানুষের কাজে নিজেকে নিয়োজিত করেছেন তিনি। আর তাঁকে একটা দিনও সময় না দিয়ে সিবিআই তলব করেছে। আসলে তৃণমূলের কর্মসূচিকে বিজেপি ভয় পেয়েছে।
কোচবিহার থেকে শুরু হয়েছে যাত্রা। দু-মাস ধরে এই যাত্রা চালিয়ে যাওয়ার কথা তাঁর। শেষ হওয়ার কথা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তাঁর নিজস্ব লোকসভা কেন্দ্রে। তার আগেই স্থগিত করে অভিষেককে কলকাতায় ফিরতে হল। তিনি জানান, ২২ মে আবার বাঁকু়ড়ার সোনামুখি থেকে তিনি নামবেন নবজোয়ার আনতে।












Click it and Unblock the Notifications