Mamata on Jyotipriya: জ্যোতিপ্রিয়র জেল “রাজনৈতিক কারণে”, “বেকসুর” বালুকে মন্ত্রিসভায় ফিরিয়ে জবাব দেবেন মমতা?
Mamata on Jyotipriya: রেশন বণ্টন মামলায় জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। জেলমুক্তির পরই হাবড়ায় (Habra MLA) ফিরে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। সোমবার বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিককে ক্লিনচিট দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
বিধানসভায় সোমবার বাজেট অধিবেশন শুরুর আগে তৃণমূল বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক করেন মমতা। সেখানেই মমতা জ্যোতিপ্রিয়র প্রসঙ্গ টেনে আনেন। মমতা বলেন, "বালুকে অন্যায়ভাবে আড়াই বছর জেলে আটকানো হয়েছে। ওর বিরুদ্ধে দুর্নীতির কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি ইডি। তাই ও জামিন পেয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে ওকে জেলে আটকে রাখা হয়েছে।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের পরই জল্পনা তৃণমূলের একাংশে। নির্দোষ স্নেহের বালুকে কি নির্বাচনের আগে বড় দায়িত্ব দেবেন মমতা? সেই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল রাজনৈতিক মহলও। বালুর শারীরিক অবস্থার খোঁজও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের পরিষদীয় বৈঠক থেকে ব্লক স্তর ও শাখা সংগঠনেক যাবতীয় একাধিক রদবদলের কথাও বলেছেন মমতা। সেক্ষেত্রে মন্ত্রিসভারও রদবদল ঘটিয়ে জ্যোতিপ্রিয়কে মন্ত্রী (Minister) আসনে ফেরাবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে মাথাচাড়া দিয়েছে জল্পনা।
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। এদিন বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক থেকে বিধায়কদের ভোটের কাজে ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওদিকে, জেল থেকে ছাড়া পেয়েই হাবড়ায় দলের রাশ হাতে নিতে বিশাল মিছিল করেছেন জ্যোতিপ্রিয়ও। তাঁর নেতৃত্বে এক কিলোমিটার দীর্ঘ পথে হয়েছে মিছিল। হাবড়ার উন্নয়নের কথা বলেন তিনি। তেমন রাজনৈতিক মন্তব্য করতে অবশ্য দেখা যায়নি তাঁকে।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গত ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। অবশেষে গত ১৫ জানুয়ারি জামিন পেয়েছেন তিনি। ইডির বিশেষ আদালত তাঁকে ৫০ লক্ষ টাকার বন্ডে জামিন দেয়।
২০২১ সালে তৃণমূলের তৃতীয় সরকারে বনমন্ত্রী করা হয় জ্যোতিপ্রিয়কে। ইডি হেফাজতে নেওয়ার পর সেই দায়িত্ব থেকেও তাঁকে সরিয়ে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়। এবার ফের জল্পনা, বালুর সঙ্গে অন্যায়ের কথা ভেবে তাঁকে কি ফের মন্ত্রিসভায় ফেরাবেন মুখ্যমন্ত্রী?












Click it and Unblock the Notifications