Mamata Banerjee: "আমরাই সেরা," এক্স পোস্টে লিখলেন মমতা; চাকরি বাতিল আবহে বাংলার জন্য 'সুখবর'!
Mamata Banerjee: ২৬ হাজার চাকরি বাতিলে বাংলাজুড়ে এখন বিষণ্ণতা। এই আবহেই রাজ্যের জন্য সুখবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। দেশের মধ্যে সেরা তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে শিরোপা ছিনিয়ে নিয়েছে সাঁওতালডিহি। শুক্রবার বিকেলে এক্স পোস্টে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের অধীনস্ত সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির তথ্য তুলে ধরে এমনটাই জানালেন মমতা।
পোস্টে মমতা জানান, দেশের মোট ২০১টি তাপ বিদ্যুৎকেন্দ্রের ব়্যাঙ্কিং ঘোষণা করেছে কেন্দ্র। প্লান্টগুলির কর্ম পরিচালনা ও উৎপাদন দক্ষতার উপর ভিত্তি করে ব়্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে সেই মাপকাঠিতে সেরার স্থান অর্জন করেছে রাজ্যের সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন লিমিটেড ওরফে WBPDCL এর অধীনস্ত ওই তাপবিদ্যুৎ কেন্দ্র প্লান্ট লোড ফ্যাক্টর সর্বোচ্চ ৯৪.৩৮ শতাংশ। দেশের মধ্যে তাই সেরার স্থান জিতে নিয়েছে ওই তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

অপরদিকে রাজ্যের আরও তিন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে প্রথম দশে। ৯৩.৩ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে বক্রেশ্বর, ৯০.৮৫ শতাংশ পেয়ে চতুর্থ স্থানে সাগরদিঘি ও ৮৯.৬২ শতাংশ পেয়ে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের মধ্যে নবম স্থান অর্জন করেছে।
মমতা আরও জানান, সার্বিকভাবে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে দেশের মধ্যে সেরা স্থান পেয়েছে WBPDCL। NTPC, DVC, আদানি পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, টাটা পাওয়ার ও টরেন্ট পাওয়ারের মতো বৃহদায়তন সংস্থাগুলিকেও পেছনে ফেলে দিয়েছে রাজ্যের সংস্থা। এদিন সংশ্লিষ্ট সমস্ত আধিকারিক, ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের শুভেচ্ছাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের এক নির্দেশে এসএসসি মামলায় চাকরি চলে গিয়েছে ২৫ হাজার ৭৫২ জনের। এসএসসির নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ। অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি চলে গিয়েছে। এমতাবস্থায় শাসকদল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন বিরোধীরা। আপাতত বেজায় অস্বস্তিতে রাজ্যের শাসকদল। তারই মাঝে এক্স পোস্টে 'সুখবর' শেয়ার মমতার।












Click it and Unblock the Notifications