লোকসভায় বাংলার দখল থাকবে তৃণমূলের হাতেই, এবিপি সমীক্ষায় মমতা ঝড়ের ইঙ্গিত
সমীক্ষা বলছে বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ফের একবার ৩৪টি আসন পেতে চলেছে।
২০১৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ঝড়ের মধ্যে দাঁড়িয়েও নিজের দুর্গ অক্ষত রেখেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশে মোদী ঝড় বইলেও তা বিহার বেরিয়ে বাংলায় ঢুকতে পারেনি। সীমান্তেই মুখ থুবড়ে পড়েছে। এবারও সেরকমই হতে চলেছে বলে ইঙ্গিত মিলল এবিপি সি ভোটার সমীক্ষায়।

বাংলায় তৃণমূল ঝড়
সমীক্ষা বলছে বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ফের একবার ৩৪টি আসন পেতে চলেছে। যার অর্থ ফের একবার নিজের দুর্গ মমতা অভেদ্য রাখতে চলেছেন। বিরোধীদের শত প্রচেষ্টা সত্ত্বেও তা তৃণমূলকে টলাতে পারছে না।

বিজেপির ফলাফল
২০১৬ লোকসভার পর থেকেই রাজ্যে বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল। উত্তরোত্তর বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি হয়ে চলেছে। এর মধ্যে যে কটি লোকসভা, বিধানসভা, পুরসভা বা পঞ্চায়েতের ভোট হয়েছে তাতে বিজেপি ভালো ফল করেছে। এবার বিজেপি ৭টি আসন পাবে বলে মনে করা হচ্ছে।

নিজেদের টার্গেটে ব্যর্থ হবে বিজেপি
লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্য থেকে ২২টি আসন পাবে বলে ঘোষণা করেছে। অমিত শাহ অন্য রাজ্যে যতটা জোর দিয়ে প্রচার করছেন, এখানে যেন আরও জোর লাগিয়ে দিয়েছেন। তবে নিজেদের দাবি করা আসনের কাছাকাছিও বিজেপি পাবে না বলে সমীক্ষায় ইঙ্গিত।

সাইনবোর্ড বাম-কংগ্রেস
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, বামফ্রন্ট ও কংগ্রেসের প্রায় সাইনবোর্ড হয়ে যাওয়া। এবার লোকসভা নির্বাচনে বামেরা কোনও আসন পাবে না বলেই সমীক্ষায় উঠে এসেছে। কংগ্রেস আলাদা লড়ে ১টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে।

শেষবারের ফলাফল
২০১৪ সালের নির্বাচনে ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩৪টি, বিজেপি ও সিপিএম ২টি করে ও কংগ্রেস ৪টি আসন পায়। এবার তৃণমূল এক জায়গায় থাকলেও বাকীদের আসন কম-বেশি হবে।












Click it and Unblock the Notifications