শুভেন্দুর জেলার পর হাওড়াতেও ‘ভোকাট্টা’ তৃণমূল! মমতার ঘর ভেঙে বিজেপির পথে যাঁরা
শুভেন্দুর জেলার পর হাওড়াতেও ‘ভোকাট্টা’ তৃণমূল! মমতার ঘর ভেঙে বিজেপির পথে যাঁরা
মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে অন্যতম ভরসা যোগ্য নাম ছিল শুভেন্দু অধিকারীর। সেই শুভেন্দু অধিকারী ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে মমতার হাত ছেড়ে অমিত শাহের হাত ধরেছেন। দিদিকে ছেড়ে বড়দাদা বেছে নিয়েছেন। এবার তৃণমূলের আরও এক উদীয়মান রাজীব বন্দ্যোপাধ্যায় সেই পথেই পা বাড়িয়ে দিয়েছেন।

হাওড়া জেলারও কি দখল নেবে বিজেপি!
রাজীব বন্দ্যোপাধ্যায় একা নন, জেলার একটা বড় অংশে ভাঙন ধরতে চলেছে তৃণমূলে। তৃণমূলের বড় বড় নামগুলো রাতারাতি বিজেপির হয়ে যাবে রাত পোহালেই। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরের পাশাপাশি হাওড়া জেলারও কি দখল নেবে বিজেপি, নাকি সব জল্পনা উড়িয়ে মমতাই শেষ হাসি হাসবেন আবার!

শুভেন্দু-গড়ে পর হাওড়াতেও সেই একই ছবি
শুভেন্দু অধিকারীর মতো জনপ্রিয় নেতাকে ধরে রাখতে সমস্ত চেষ্টাই করেছিল তৃণমূল। কিন্তু সব চেষ্টায়ে জল ঢেলে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। সেইসঙ্গে ভেঙে দিয়েছেন তৃণমূলের কোমর। ৬ বিধায়ক, এক সাংসদ, এক প্রাক্তন সাংসদ-সহ বহু নেতা-নেত্রী দল ছেড়েছেন। এবার হাওড়াতেও সেই একই ছবি দেখতে চলেছে রাজ্যবাসী।

তৃণমূলের মাথা মুড়িয়ে দিতে চলেছে বিজেপি
অমিত শাহ বিধানসভা নির্বাচনের আগে গত ১৯ ডিসেম্বর শুভেন্দুর নেতৃত্বে তৃণমূলকে ভেঙেছিলেন। রাজনৈতিক মহলের একটা বড় অংশের অভিমত, এবার হয়তো রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ভাঙন দেখা যেতে পারে। আবারও সেই অমিত শাহের হাত ধরে একটা জেলায় তৃণমূলের মাথা মুড়িয়ে দিতে চলেছে বিজেপি।

‘একা’ হয়ে যাচ্ছেন মমতা, সংকট বেড়েই চলেছে
শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়কে অনেকে তৃণমূলের ভবিষ্যৎ প্রজন্ম বলে ব্যাখ্যা করেছিলেন। সেই তাঁরাই একে একে চলে যাচ্ছেন প্রতিপক্ষ দলে। 'একা' হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদে প্রথম সারির উদীয়মান নেতারা অনেকেই তাঁর পাশ থেকে সরে যাচ্ছেন। ফলে তৃণমূলের সংকট বেড়েই চলেছে একুশের ভোটের আগে।

বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৃণমূলের বেসুরোদের
হাওড়ার ডুমুরজলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূলের বেসুরোদের। সেই তালিকায় রয়েছেন অনেক বিধায়ক, কাউন্সিলরও। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর নাম একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে।

হাওড়া জেলা তৃণমূলে ঘোর সংকট একুশের ভোটের আগে
মন্ত্রিত্বের পর বিধায়ক পদে ইস্তফা দেওয়া এবং সেইসঙ্গে তাৎপর্যপূর্ণ বার্তায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের যোগদান নিয়েও জল্পনার শেষ নেই। আবার অরূপ রায় ঘনিষ্ঠ হাওড়ার যুব তৃণমূল সভাপতি অনুপম ঘোষও পদত্যাগ করেছেন, তাঁর নাম নিয়েও জল্পনা চলছে। এছাড়া হাওড়ার প্রাক্তন সভাপতি লক্ষ্মীরতন শুক্লাও মন্ত্রিত্ব ও দল ছাড়ায় জল্পনায় ছিলেন। হাওড়া জেলার তৃণমূলেই ঘোর সংকট তৈরি হয়েছে একুশের ভোটের আগে।












Click it and Unblock the Notifications