১৬ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান মমতার, পঞ্চায়েতের আগে কারা পেলেন এই অনুদান
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, সেই কথা রাখলেন তিনি। রাজ্যের তরফে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সহায়তা প্রদান করা হল।
বিঘার পর বিঘা জমি ভেসে গিয়েছিল বানের জলে। বাঁধভাঙা বন্যা কেড়ে নিয়েছিল কৃষকের মুখের হাসি। ফের সেই হাসি কৃষকদের মুখে ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কথা দিয়েছিলেন, সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সহায়তা প্রদান করা হল। মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত চেক বিলি করবে রাজ্য সরকার।

গত বছর ভয়াবহ বন্যায় কৃষকদের জমির ফসল নষ্ট হয়ে গিয়েছিল। সারা বছরের সম্বল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছিল কৃষকদের। পরিদর্শনে এসে কৃষকদের মুখে হাসি ফেরাবেন বলে কথা দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো রাজ্য সরকারের তরফে সহায়তা শিবির করে বন্যায় ক্ষতিগ্রস্তদের চেক বিলি করা হল।
রাজ্য সরকার এই মর্মে আবেদন করার কথা জানিয়েছিল কৃষকদের। রাজ্যের তরফে করা হয়েছিল সার্ভেও। কত ধান জমির ফসল নষ্ট হয়েছে। কত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই পরিসংখ্যান ধরে এবং আবেদন খতিয়ে দেখে কৃষকদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়। সরকারের হিসেব অনুযায়ী, রায়গঞ্জের বন্যায় মোট ১৫ হাজার ২৩০ হেক্ট জমির ফসল নষ্ট হয়েছে। মোট ১৬ হাজার ৩৮১ জন কৃষক ক্ষতিপূরণের আবেদন করেন।
রাজ্যের তরফে কৃষকদের এই আর্থিক অনুদান প্রকল্পে বরাদ্দ করা হয় ১৬ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা। এই হিসেবে প্রতি বিঘার জন্য ক্ষতিপূরণের পরিমাণ ১৭৮০ টাকা। সর্বোচ্চ ১৫ বিঘা আমন ধান জমির জন্য ২৭ হাজার টাকার চেক দেওয়া হয়। এই আর্থিক সহায়তা দানে কৃষকদের মুখে হাসি ফিরে এসেছে। রায়গঞ্জে এই চেক প্রদান শিবির ঘিরে উন্মাদনায় মেতেছেন কৃষকরা।












Click it and Unblock the Notifications