Mamata Banerjee: “বারবার ক্ষমা নয়,” ‘বেফাঁস’ বিধায়কদের সতর্ক করে মমতা মনে করালেন দলে ‘শেষ কথা’ তিনিই
Mamata Banerjee: সোমবার বিধানসভায় শুরু বাজেট অধিবেশন (State Budget Session)। তার আগে পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের একবার মনে করালেন, তৃণমূলে (TMC) শেষ কথা তিনিই। দলের সমস্ত সিদ্ধান্ত নেবেন মমতাই, আর কেউ নয়। সোমবার বিধানসভায় তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে স্পষ্টতই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দলের রাশ তাঁরই হাতে, ফের বুঝিয়ে দিলেন মমতা (Mamata Banerjee)। যেভাবে বিধায়ক থেকে নেতাকর্মীরা বেফাঁস মন্তব্য করেছেন, তাতে তিনি একেবারেই অসন্তুষ্ট, এদিন তা বুঝিয়ে দিলেন মমতা। বিধায়কদের কেউ এহেন বিস্ফোরক মন্তব্য করলে এরপর থেকে আর রেয়াত করা হবে না বলেও জানান তিনি। বারবার ক্ষমা করা হবে না, স্পষ্ট বার্তা মমতার।

নির্বাচনের আগে সাবধানী তৃণমূল সুপ্রিমো (TMC Supremo)। দলের মধ্যে কোনও গ্রুপবাজি বরদাস্ত করা হবে না বলে জানান মমতা। "গ্রুপবাজি সরিয়ে সংগঠনে মন দিন, পুরোনো কর্মীদের কাছে যান, তাদের ময়দানে নামিয়ে সক্রিয় করুন, মনে রাখবেন সংগঠনে আমিই শেষ কথা," বিধায়কদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
পরিষদীয় দলের বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) প্রসঙ্গও টানলেন মুখ্যমন্ত্রী। বালুকে অন্যায়ভাবে আড়াই বছর জেলে আটকানো হয়েছিল বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ মেলেনি বলে অভিযোগ মমতার।
সূত্রের খবর, বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে পরিষদীয় বিষয় নিয়ে কম, বরং ছাব্বিশের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) নিয়েই একগুচ্ছ বার্তা দিয়েছেন মমতা। বছর ঘুরলেই ২০২৬ সালে হবে বিধানসভা নির্বাচন। আর তার জন্যেই বিধায়কদের এখন থেকেই ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের আগে তৃণমূলের যাবতীয় শাখা সংগঠন ও ব্লক কমিটির নাম রদবদলেরও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের তিনটি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ মমতার। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেই তালিকা জমা দিতে নির্দেশ। বিধায়কদের নামের তালিকা জমা পড়লে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। চূড়ান্ত কমিটির নাম তিনিই ঠিক করবেন বলেও জানান মমতা।












Click it and Unblock the Notifications