Mamata Banerjee: সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে ৬০ হাজার! সূচনা করে দিলেন মমতা
Mamata Banerjee: একাধিকবার কেন্দ্রের কাছে দরবার করেও মেলেনি টাকা! আবাস যোজনার বকেয়া টাকা রাজ্যই দিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দেওয়া কথা রাখলেন। টাকা দেওয়ার কাজ শুরু করে দিলেন প্রশাসনিক প্রধান। আজ মঙ্গলবার থেকেই মিলবে সেই টাকা।
সব টাকা এবার যেহেতু রাজ্য সরকার দিচ্ছে সেহেতু নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের আওতায় ১২ লাখ মানুষকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এদিন প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হল। নবান্নে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

তিনি জানিয়েছেন, তিন বছর ধরে বাংলার গরীব মানুষকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র সরকার। কিন্তু বাংলা আবাস যোজনায় এক নম্বর ছিল। কিন্তু এরপরেও টাকা দেওয়া হয়নি বলে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানান প্রশাসনিক প্রধান।
এই প্রসঙ্গে তিনি আরও জানান, আমরা কথা দিয়েছিলাম। সেই অনুযায়ী প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হল। পরে আরও বাকি ৬০ হাজার টাকা দেওয়া হবে। একই সঙ্গে এখনও বাকি ১৬ লাখ পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দু'দফায় এই টাকা দেওয়া হবে গ্রাহককে। তবে তা পেতে বেশ কয়েকটা মাস লেগে যাবে বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর।
নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই প্রকল্পের আওতায় ২৮ লক্ষ যোগ্য আছেন। এদের মধ্যে ১২ লক্ষ লোক প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন। বাকি ১৬ লক্ষ থাকবেন। তাদের দু'দফায় দেওয়া হবে। বছর শেষে এবং ২০২৬ আগেই সেই টাকা ছেড়ে দেওয়া হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা। তবে এদিনের যে টাকা দেওয়া হয়েছে তা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।
বলে রাখা প্রয়োজন, কেন্দ্রের আবাস যোজনা টাকা বন্ধ করা নিয়ে বঙ্গ বিজেপি একাধিক অভিযোগ করে। প্রথমত রাজ্য নাকি ঠিক মতো হিসাব দিচ্ছে অন্যদিকে অযোগ্যদের টাকা পাইয়ে দেওয়া হচ্ছে বলেও এদিন দাবি করা হয়।
এদিন এই বিষয়েও জবাব দেন প্রশাসনিক প্রধান। বলেন, এই তিন বছরে ৬৯ টি দল পাঠিয়েছে কেন্দ্র সরকার। মানুষের সঙ্গে কথা বলেছে। কিন্তু তারপরও টাকা দেয়নি। তাহলে লোক পাঠিয়ে কি লাভ হল। একই সঙ্গে এই প্রকল্পের সার্ভে চলাকালীন একাধিক অভিযোগ সামনে আসে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, উপভোক্তাদের সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। সবদিক খতিয়ে দেখেই এই টাকা দেওয়া হয়েছে বলে এদিন জানান প্রশাসনিক প্রধান।












Click it and Unblock the Notifications