Mamata Banerjee: পুলিশের মধ্যে লবি চলছে, মালদহ তৃণমূল নেতা খুনে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: পুলিশের মধ্যে লবি চলছে! অনেক সৎ, খেটে খাওয়া মানুষ আছে। তাদের দিকে নজর দেওয়া হচ্ছে না। ঠিক এই ভাষাতেই পুলিশের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মালদহে তৃণমূল নেতা খুনের জন্যেও জেলার পুলিশ সুপারকে একহাত নিলেন। বলেন, এসপির অপদার্থতার জন্য ওর মৃত্যু হল। আগেও হামলা হয়েছিল। সেই মতো নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। এটা আমাদের দুর্ভাগ্য, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আজ বৃহস্পতিবার বছর শুরুর দ্বিতীয় দিনেই প্রশাসনের সমস্ত শীর্ষ আধিকারিক, সচিব এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কোথাও কোনও ফাঁক রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী। আর তাই বছরের শুরুর দিন থেকে একেবারে শক্ত হাতে প্রশাসনের রাশ ধরতে চান।

আর সেই লক্ষ্য নিয়েই এদিনের এই বৈঠক। যেখানে একাধিক ইস্যুতে প্রশাসনিক শীর্ষ কর্তাদের একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পুলিশের কাজ নিয়েও তীব্র সমালোচনা শোনা গেল মুখ্যমন্ত্রীর কাজ নিয়ে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকালে দুষ্কৃতীদের হাতে নৃশংস ভাবে খুন হতে হয় তৃণমূলের সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকারকে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক থেকেই বলেন, এই ঘটনা পুলিশের গাফিলতিতেই হয়েছে। ব্যক্তিগত ভাবে ওকে আমি চিনতাম। নিরাপত্তা ওর তুলে নেওয়া হয়। আগে থেকে পুলিশ সক্রিয় হলে এমন ঘটনা হতো না বলে চাঞ্চল্যকর বক্তব্য প্রশাসনিক প্রধানের।
একই সঙ্গে পুলিশ প্রশাসনের কাজ নিয়েও তীব্র আক্রমন শানান। এই বিষয়ে নির্বাচন কমিশনের একটি নিয়মের তীব্র সমালোচনা করেন। বলেন, নির্বাচন কমিশনের একটা নিয়ম আছে তিন বছর অন্তর বদলি করতে হবে। এর বেশি কেউ এক জায়গায় থাকতে পারে না। আর এই নিয়মেই যে রাজ্য সরকার আটকে যাচ্ছে তা বলেন মুখ্যমন্ত্রী। জানান, যে ডিএম কিংবা এসপি কাজে যাচ্ছে সে ভেবে নিচ্ছে দু থেকে তিন বছরের কাজ। আমি আমারটা করে চলে যাই। ফলে কোনও তৎপরতা দেখা যাচ্ছে না। কিন্তু কাউকে ছাড় আর হবে না বলেও এদিন স্পষ্ট জানান প্রশাসনিক প্রধান।
অন্যদিকে পুলিশের মধ্যে লবি চলছে বলেও এদিন কার্যত বিস্ফোরক দাবি করেন। বলেন, পুলিশের মধ্যে লবি কাজ করছে। এক একজনের প্রতি বিসেষ নজর দেওয়া হচ্ছে না। বন্ধু হিসাবে প্রোমোশন করিয়ে দেওয়া হচ্ছে। অনেক সৎ পুলিশ অফিসার আছে যারা খেটে কাজ করে। কিন্তু তাদের দিকে নজর দেওয়া হচ্ছে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তবে এটা যে চলবে আর তা এদিন বৈঠক থেকে স্পষ্ট করে দিয়েছেন। পুলিশমন্ত্রী মমতা বলেন, কাজের লোক যিনি তাকেই প্রোমোশন দিতে হবে। কোনও লবি এক্ষেত্রে চলবে না। লবি একটাই। মানুষের লবি।












Click it and Unblock the Notifications