'কোভিড নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়েছেন', হর্ষ বর্ধনের ইস্তফা নিয়ে কটাক্ষের সুর মমতার কণ্ঠে
এদিন রাজ্য বাজেটের বিষয়ে বক্তব্য রাখার পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংবাদিকদের প্রশ্ন আসে কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদল নিয়ে। সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মমতার কাছে কোভিড পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্য়াগের প্রশ্নটি যায়। উত্তরে দিদি জানান, কোভিড নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নিয়েছেন মোদীজী আর এখন ইস্তফা দিলেন স্বাস্থ্য়মন্ত্রী।

মোদী মন্ত্রিসভা রদবদল নিয়ে মমতার বার্তা
'আপনি কি মনে করেন যে বিজেপি কোভিড নিয়ে গুরুত্ব দিয়ে পরিস্থিতি দেখছে? বিজেপি শুধু নিজের রাজনীতি নিয়ে সিরিয়াস। বিজেপি সরকারি কাজ করতে পারেনা, পার্টির কাজ করে ওরা। ' মোদী মন্ত্রিসভা রদবদল নিয়ে এদিন তৃণমূল নেত্রীকে প্রশ্ন করতেই এই মন্তব্য উঠে আসে তাঁর কাছ থেকে।

হর্ষ বর্ধনের ইস্তফা প্রসঙ্গে মমতা
'স্বাস্থ্যমন্ত্রী কিছুই দেখতেন না ,প্রধানমন্ত্রী দেখতেন। কোভিড নিয়ে সিদ্ধান্ত , মিটিং প্রধানমন্ত্রী করেছেন। ' এই মন্তব্য়ের সঙ্গে সঙ্গেই মমতা বলেন, এখন স্বাস্থ্যমন্ত্রীকে ইস্তফা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত কয়েক মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী শিবিরের একাধিক নেতা নেত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের ইস্তফা দাবি করেছিলেন করোনা পরিস্থিতির জন্য। তারপরই মমতা এদিন এই মন্তব্য করেন।

বিজেপিকে তোপ
' এটা ওদের পার্টির সিদ্ধান্ত। মোদী সরকার সিরিয়াস হলে এতদিনে সবার ভ্যাকসিন হয়ে যেত।' এই বক্তব্য রেখেই মমতা ফের একবার কটাক্ষের সুর তোলেন বিজেপির বিরুদ্ধে। একই সঙ্গে তিনি বাংলার পর পর মন্ত্রীদের ইস্তফা নিয়ে মুখ খোলেন।

বাবুল , দেবশ্রী নিয়ে মমতা সরব
'আজ বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গেল। দেবশ্রী খারাপ হয়ে গেল।' এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাবুল সুপ্রিয় ইস্তফা দিতেই এই মন্তব্য উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। এদিকে, মোদী মন্ত্রিসভায় দিলীপ ঘোষ জায়গা না পাওয়ায় খোঁচার সুরে ববি হামিক বলেন, 'দুঃখ হচ্ছে।'












Click it and Unblock the Notifications