আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মেয়ো রোডের সভামঞ্চে থেকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। আজও আন্দোলনকারীরা মিছিল করছেন রাজপথে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে বক্তব্য রেখেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য করেছেন। দোষীদের দ্রুত শাস্তির দাবি তুলেছেন তিনি। সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। " সিবিআইয়ের হাতে দিয়ে কেসটাকে ওরা জলে ফেলে দিল।" এমনই বক্তব্য তৃণমূল সুপ্রিমোর।

ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর কাণ্ডে অন্য এজেন্সির তদন্তের কথা বলেছিলেন। কলকাতা পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি। তার মধ্যে কলকাতা পুলিশ তদন্ত শেষ না করতে পারলে সিবিআইকে ভার দেওয়া হবে। এ কথাও মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে বলেছিলেন। কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্ট এই তদন্তের ভার সিবিআইকে দিয়ে দেয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। সিবিআই তদন্ত ভার নিয়েছে। ১৬ দিন হয়ে গেল। এখনও কতটা তদন্ত এগলো? সেই প্রশ্ন তুলেছেন তিনি। বিচার কোথায় হল? কবে হবে বিচার? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি।
আরজিকর হাসপাতালে ঘটনা অত্যন্ত দুঃখজনক। সেই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি চান। আরও এক বার ফাঁসির দাবি তুলেছেন তিনি সভামঞ্চ থেকে। বিজেপি এই ঘটনা নিয়ে রাজনীতি করছে। মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, " ওরা ডেডবডি চায়, আমরা বিচার চাই।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইকেই এবার নিশানা করলেন। সেই নিয়েও চর্চা শুরু হয়েছে। কলকাতা পুলিশের থেকে তদন্ত সিবিআইয়ের কাছে চলে গিয়েছে। সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের জন্য কলকাতা পুলিশ সিট গঠন করেছিল। হাইকোর্টের নির্দেশে সিট সেই তদন্ত আর করতে পারবে না। সমস্ত তদন্ত সিবিআই করছে। সে কারণেই কি এবার সিবিআইকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী? সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একটা অংশ থেকে।












Click it and Unblock the Notifications