দখলের পর পুনর্দখল! গেরুয়া রঙের ওপর মুখ্যমন্ত্রী আঁকলেন দলীয় প্রতীক, ছবি হল ভাইরাল
লোকসভা ভোটের ফল বেরনোর পর বিজেপির দখল নেওয়া তৃণমূলের পার্টি অফিসের দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আঁকলেন প্রতীক।
লোকসভা ভোটের ফল বেরনোর পর বিজেপির দখল নেওয়া তৃণমূলের পার্টি অফিসের দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আঁকলেন প্রতীক। একইসঙ্গে লিখলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটে ৩০ মে, বৃহস্পতিবার। সেই সময় না হলেও, পরবর্তী সময়ে সেই ছবি হয়েছে ভাইরাল।

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এটা তাদেরই অফিস ছিল। নব নির্বাচিত বিজেপি সাংসদ অর্জুন সিং-এর সমর্থকরা তা দখল করে নেয়। দীনেশ ত্রিবেদীকে হারিয়ে ব্যারাকপুর থেকে জয়ী হয়েছেন অর্জুন সিং।
৩০ মে যেসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান বিজেপির পার্টি অফিসে। সেই অফিস ফের দখল করার পর দেওয়ালে দলের প্রতীক ও নাম লেখার কাজে হাত লাগান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী।

মুখ্যমন্ত্রীর ওইদিনের সফরেই কনভয়কে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল একাধিক জায়গায়। একাধিক জায়গায় গাড়ি থেকে নেমে পড়েন মমতা। তাঁর অভিযোগ ছিল যারা এইসব করছে তারা সবাই বহিরাগত।
এর দুদিন আগে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়-সহ একাধিক বিধায়ক বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়েছিলেন হালিসহর, নৈহাটি ও কাঁচড়াপাড়ার বহু তৃণমূল কাউন্সিলর।
লোকসভা নির্বাচনের ফল বেরনোর পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল পার্টি অফিস দখলের অভিযোগ উঠতে শুরু করেছে বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি অনেক জায়গাতেই সিপিএম তথা বামদলগুলি নিজেদের পার্টি অফিস উদ্ধারও করছে।












Click it and Unblock the Notifications